বোরো বীজের সংকট চড়া দামে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে বোরো বীজের সংকট দেখা দিয়েছে। বিএডিসির ১০ কেজির প্রতি বস্তা বীজ ৩৩০ টাকায় বিক্রির কথা থাকলেও সংকটের সুযোগে অনেক ব্যবসায়ী তা ৩৯০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছেন। কালোবাজারে বীজ বিক্রির অভিযোগে মির্জাপুরে কৃষকেরা বিক্ষোভ ও বালাগঞ্জে কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। চড়া দামের কারণে বীজ কিনতে না পারায় অনেকে জমিতে বীজ বুনতে পারছেন না। বালাগঞ্জ (সিলেট): সরেজমিন ঘুরে দেখা গেছে, অনেক ডিলারদের কাছে বীজ পাওয়া না গেলেও বিভিন্ন ওষুধের দোকান, চায়ের দোকান, চালের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে বিএডিসির বোরো বীজ বিক্রি হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বস্তা বীজ বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৫০০ টাকায়। এদিকে কালোবাজারে অতিরিক্ত দামে বীজ বিক্রির অভিযোগে গত সোমবার কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দেওয়ানবাজার ইউনিয়নের কৃষকেরা। মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরের আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর বাজারে বিএডিসির বোরো বীজ কালোবাজারে বিক্রির প্রতিবাদে গত সোমবার রাতে কৃষকেরা সেখানে বিক্ষোভ করেছেন। কালোবাজারে বীজ বিক্রির ঘটনা জানাজানি হলে মঙ্গলবার সকাল থেকেই এলাকার কৃষকেরা ওই বাজারে জড়ো হয়ে বিক্ষোভ করেন। মির্জাপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন বলেন, আটিয়া মামুদপুর গ্রামের হাসমত আলী, মশাজান গ্রামের মমরেজ ও কালু মিয়াসহ কয়েকজনের কাছে কালোবাজারে বীজ বিক্রি করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামের কৃষক জিতু মিয়া জানান,গত মঙ্গলবার বিকেলে তিনি জগন্নাথপুর সদর বাজারের বীজ ডিলার এলাহী ট্রেডার্স থেকে এক বস্তা বীজ কিনেছেন ৪২০ টাকায়। ডিলার এলাহী ট্রেডার্সের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন জানান, অতিরিক্ত মূল্যে বীজ কিনেছি, তাই কিছু অতিরিক্ত মূল্য নিচ্ছি। জুড়ী (মৌলভীবাজার): গত সোমবার দুপুরে উপজেলা সদরের কয়েকজন ডিলারের দোকান ঘুরে দেখা গেছে, বীজ পেতে কৃষকেরা সেখানে ভিড় করেছেন। পশ্চিম ভবানীপুরের আসব আলী জানান, জুড়ীতে না পেয়ে তিনি কুলাউড়ার উত্তর বাজারের বিএডিসির ডিলার বেলাল ট্রেডার্স থেকে প্রতি বস্তা বীজ ৩৯০ টাকায় কিনেছেন। বেলাল ট্রেডার্সের মালিক বেলাল আহমদ বলেন, ‘মজুদ শেষ হওয়ার পর কৃষকদের চাপে স্থানীয় আরেক ডিলারের কাছ থেকে কিছু বীজ কিনে এনেছি। তাই একটু বাড়তি টাকা নিচ্ছি।’সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল বুধবার সকালে উপজেলা সদরের বিএডিসির ডিলার মেসার্স চাষীঘর, শ্রাবন্তী ট্রেডার্স, জনতা ট্রেডার্স ও কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ বাজারের কৃষকবন্ধু ট্রেডার্সে গিয়ে দেখা গেছে, তাদের কাছে বীজ নেই। সংশ্লিষ্ট ডিলাররা জানান, বিএডিসি থেকে কিছু বীজ পেলেও তা কয়েকদিনেই শেষ হয়ে গেছে। চাহিদা থাকা সত্ত্ব্বেও তাঁরা বীজ পাচ্ছেন না।উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহসিন বলেন, সরাইলে বীজের চাহিদা ৪০০ মেট্রিক টন। আর আমরা পেয়েছি ১৪৭ মেট্রিক টন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন বলেন, ‘আজ (গতকাল বুধবার) কয়েকটি দোকানে গিয়ে অধিক মূল্যে বীজ বিক্রির সত্যতা পেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছি।’