বোরো মৌসুমে ধানবীজে কেজিপ্রতি ১০ টাকা ভর্তুকি দেওয়া হবে: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
ফাইল ছবি

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধির জন্য বোরো ধানবীজে কেজিপ্রতি ১০ টাকা হারে ভর্তুকি প্রদান করা হবে। মন্ত্রী আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২০’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। এ সময় কৃষিসচিব মো. নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘কয়েক দফা বন্যায় রোপা আমন বীজতলা, চারা ও মাঠে দণ্ডায়মান ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতি পোষাতে বিনা মূল্যে চারা বিতরণ, ভর্তুকি সহায়তা ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে রোপা আমন ধানের আবাদে সহায়তা দেয়া হয়েছে। আগামী বোরো মৌসুমেও উৎপাদন বৃদ্ধির জন্য বোরো ধানবীজে কেজিপ্রতি ১০ টাকা হারে ভর্তুকি দেওয়া হবে।’

কৃষিমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্ভাব্য খাদ্যসংকট মোকাবিলায় কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সে নির্দেশনা দিয়েছেন তিনি। এসব উদ্যোগের ফলে সব আশঙ্কাকে পেছনে ফেলে করোনা মহামারির চরম বিরূপ পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে। এ অর্থবছরে চালের উৎপাদন বৃদ্ধি পেয়ে প্রায় ৩ কোটি ৮৭ লাখ টনে উন্নীত হয়েছে।

মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, করোনাকালে ও করোনা পরবর্তীকালীন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। আউশ ও আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরে আউশের আবাদ হয়েছে ১৩ দশমিক ২৯৬ লাখ হেক্টর জমিতে এবং উৎপাদিত হয়েছে প্রায় ৩৪ দশমিক ৫১৭ লাখ টন। ফলে আউশের আবাদ গত বছরের তুলনায় প্রায় দুই লাখ হেক্টর এবং উৎপাদন চার লাখ টন বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এ বছর আমন ধান (রোপা ও বোনা আমন) আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫৯ লাখ হেক্টর।

কয়েক দফার বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, এরই মধ্যে প্রায় ১৭ কোটি ৫৪ লাখ টাকার সার, বীজসহ কৃষি উপকরণ, পুর্নবাসন কর্মসূচি হিসেবে ২ লাখ ৩৯ হাজার ৬৩১ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে। আরও প্রায় ৭৫ কোটি টাকা দিয়ে ৯ লাখ ২৯ হাজার ১৯৪ জন ক্ষতিগ্রস্ত কৃষককে গম, শর্ষে, চিনাবাদাম, সূর্যমুখী, খেসারি, পেঁয়াজ, মরিচ, টমেটো ইত্যাদি ফসল আবাদের জন্য বিনা মূল্যে কৃষি উপকরণ সরবরাহের কাজ চলছে।

আগামীকাল ১৬ অক্টোবর ২০২০, শুক্রবার কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)–এর যৌথ উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২০’। এবারের প্রতিপাদ্য হলো ‘সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যত।’
ব্রিফিংয়ে জানানো হয়, ‘বিশ্ব খাদ্য দিবস-২০২০’ উদযাপন উপলক্ষে আগামীকাল সকাল ১০টায় সোনারগাঁও হোটেলে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক সেমিনারের পর বেলা আড়াইটায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি কারিগরি সেশন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব খাদ্য দিবসে মুঠোফোনে সচেতনতামূলক খুদে বার্তা পাঠানো, জাতীয় দৈনিক পত্রিকায় (বাংলা ও ইংরেজি) বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ও তাৎপর্য–সংবলিত পোস্টার, বিলবোর্ড, ভিডিও, ডকুমেন্টেশন প্রচারসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে।