বোরো মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিদ্যুৎ বা জ্বালানি তেলের জন্য কৃষকদের কোনো রকম অসুবিধা হবে না। আগামী বোরো মৌসুমে আমরা সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেব। যেখানে বিদ্যুৎ দিতে পারব না, সেখানে ভর্তুকিতে ডিজেল দেব।’জাতীয় সংসদে গতকাল বুধবার জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি ৩৫ মিনিট সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ।প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্য উৎপাদন বাড়াতে সরকার আন্তরিক চেষ্টা চালাচ্ছে। শহরের মানুষকে বিদ্যুতের কষ্ট দিয়ে হলেও আমরা কৃষকদের সুবিধার জন্য গ্রামে বিদ্যুৎ দিয়েছি। দরকার হলে ভবিষ্যতেও তা করা হবে।’ বর্তমান সরকারকে কৃষিবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, খাদ্য উৎপাদন এবং খাদ্যনিরাপত্তা বাড়ানোই বর্তমান সরকারের মূল লক্ষ্য। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে সারের অভাব হয়নি, ভবিষ্যতেও হবে না। কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের পাশে আছে বর্তমান সরকার।অন্য দেশে কৃষিকাজের চিন্তাভাবনা: শাহরিয়ার আলমের সম ্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অন্য দেশে কৃষিকাজ করার বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে। এ জন্য আফ্রিকার দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব এ ব্যাপারে কাজ করছেন। আফ্রিকার অনেক দেশে অনেক খালি জমি পড়ে রয়েছে। সেখানে বাংলাদেশ থেকে কৃষক নিয়ে ফসল উৎপাদন করা সম্ভব। ফসলের একটি ভাগ ওই দেশের সরকারকে দিয়ে বাকিটা বাংলাদেশ নিয়ে আসতে পারবে। তিনি বলেন, ‘আমার মনে হয়, দুই-তিন মাসের মধ্যে একটা ভালো খবর দিতে পারব। শুধু দেশে উৎপাদন করলেই চলবে না, বিদেশে গিয়েও আমাদের খাদ্যশস্য উৎপাদন করতে হবে।’সেনা কর্মকর্তাদের ফাঁসির ঘটনার পুনঃ তদন্তের বিষয় সরকার বিবেচনা করছে: চয়ন ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তাদের ফাঁসি দেওয়ার ঘটনার পুনঃ তদন্ত ও বিচারের বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এ ব্যাপারে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।জঙ্গিবাদে মদদ দিতে অনুষ্ঠান প্রচার করলে ব্যবস্থা: সাংসদ মতিউর রহমান সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘কিছু বেসরকারি স্যাটেলাইট চ্যানেল জঙ্গিবাদকে মদদ দিতে অনুষ্ঠান প্রচার করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না?’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘কোনো বেসরকারি চ্যানেল জঙ্গিবাদের মদদ দিতে অনুষ্ঠান প্রচার করে থাকলে দেশের স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান সুদৃঢ়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার জঙ্গিদের মদদ দিয়ে দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নিয়েই জঙ্গিবাদ নির্মূলে পদক্ষেপ নেয়।’ইভ টিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন প্রয়োজন: সংরক্ষিত আসনের সাংসদ ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইভ টিজিং প্রতিরোধ করতে হলে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, ছাত্র-যুবকসহ সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি এ-সংক্রান্ত আইনকানুন পর্যালোচনা করে অধিকতর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যে ইভ টিজিংয়ের ঘটনায় ১৭২টি মামলা এবং ৪৬৬টি জিডি হয়েছে। এসব ঘটনায় এক হাজার ২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এক হাজার ২১ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে: সাংসদ জুনাইদ আহমেদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ সংকট দূর করতে সরকার কাজ করছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত এক হাজার ২১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তিনি জানান, বর্তমানে সারা দেশে মোট পাঁচ হাজার ৮২৬ মেগাওয়াট ক্ষমতার ৫১টি বিদ্যুৎকেন্দ্র চালু আছে এবং দুই হাজার ৬৪১ মেগাওয়াট ক্ষমতার ৩০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন।২০১৫ সাল নাগাদ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি তরল জ্বালানি, কয়লা, ডুয়েল-ফুয়েল এবং নবায়ণযোগ্য জ্বালানি শক্তি ব্যবহার করে প্রায় ১১ হাজার ৫৫৬ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।