বোরো মৌসুমের শুরুতেই অসহনীয় লোডশেডিং
দেশের জেলা ও উপজেলা শহরসহ গ্রাম্য এলাকায় এখনো শীত পড়ছে। বছরের এ সময় বিদ্যুতের চাহিদা কম থাকে। এর পরেও জয়পুরহাট, নেত্রকোনা ও ময়মনসিংহের নান্দাইলে ব্যাপক লোডশেডিং করা হচ্ছে। এতে গ্রাহকেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। লোডশেডিংয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারছে না। একই কারণে খেতে নিয়মিত সেচ দিতে না পারায় চাষিরা বোরো আবাদ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: জয়পুরহাট: পিডিবির আওতায় থাকা জেলা শহরসহ কয়েকটি এলাকায় দিনে আট থেকে ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। একবার গেলে তিন ঘণ্টা বা আরও বেশি সময় পর বিদ্যুৎ আসে। এতে এসব এলাকার ১৩ সহস্রাধিক গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। এসএসসি পরীক্ষার্থীদের বেশি সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় তারা লেখাপড়া করতে পারছে না। একই কারণে বোরো আবাদের জন্য জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। পিডিবির জয়পুরহাট কার্যালয়ের আবাসিক প্রকৌশলী শাজাহান আলী জানান, পিডিবির বিদ্যুৎ চাহিদা ছয় থেকে সাড়ে ছয় মেগাওয়াট। এ চাহিদার বিপরীতে তাঁরা দুই থেকে তিন মেগাওয়াট পাচ্ছেন। এ কারণে তাঁদের লোডশেডিং করতে হচ্ছে। ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের কৃষক পুথিল চন্দ্র দাস জানান, দুই-তিন ঘণ্টা পরপর বিদ্যুৎ যাওয়া আসা করে। এতে সেচ দিয়ে আবাদের জন্য জমি প্রস্তুত করা যাচ্ছে না। পবিসের জয়পুরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা অর্ধেকেরও কম বিদ্যুৎ পাচ্ছে। কেন্দুয়া (নেত্রকোনা): পবিসের আওতায় থাকা জেলার বিভিন্ন উপজেলায় প্রতিদিন গড়ে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সান্দিকোন গ্রামের সেচযন্ত্রচালক নয়ন মিয়া বলেন, ‘একবার কারেন্ট আইলে খেতে পানি দেওনের লাইগ্যা হগলেই এক লগে আইয়া পানি নিতে চায়। তহন কারে রাইখ্যা কারে পানি দিমু, এ নিয়া বিশৃঙ্খলা দেহা দেয়।’ নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল মালেক জানান, এভাবে বিদ্যুতের দুরবস্থা অব্যাহত থাকলে জেলায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। পবিসের নেত্রকোনা কার্যালয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক রাম শঙ্কর রায় বলেন, চাহিদা বেশি হলেও সরবরাহ করা হচ্ছে কম। নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার বিভিন্ন স্থানে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। পৌরসভা নির্বাচনের পরদিন থেকেই এখানে এ অবস্থা চলছে। বিদ্যুতের অভাবে হাসপাতাল, সরকারি ও বেসরকারি কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই কারণে বোরো জমির সেচকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। নান্দাইল পৌর শহরে গত ১০ দিন ধরে সকাল ছয়টা থেকে রাত নয়টা দীর্ঘ ১৫ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হচ্ছে। পবিসের নান্দাইল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আযাদ জানান, নান্দাইল উপজেলার বিদ্যুতের নিয়ন্ত্রণব্যবস্থা কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। পবিসের মহাব্যবস্থাপক আ. ওয়ারিদ জানান, বাড়তি বিদ্যুৎ না পেলে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকার বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করা যায় না।