বোরোচাষিদের মধ্যে ভর্তুকি বিতরণ আগামী মাসেই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসের (ফেব্রুয়ারি) প্রথমার্ধে শুরু হচ্ছে ‘বোরো চাষের জন্য জ্বালানি ও কৃষি উপকরণ বাবদ নগদ সহায়তা’ বা বোরোচাষিদের মধ্যে ভর্তুকি বিতরণ। দেশের প্রতিটি কৃষক-পরিবারকে উপকরণ-সহায়তা কার্ড দেওয়াও একই সঙ্গে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে এ কার্যক্রম শুরু করতে পারেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি মন্ত্রণালয় থেকে গত বুধবার এ জন্য ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে একটি অনুরোধপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এতে বলা হয়েছে, যেহেতু সুনামগঞ্জ এলাকায় বোরো চাষ প্রায় শেষ পর্যায়ে, সে জন্য সেখান থেকেই এ কার্যক্রম শুরু করা প্রয়োজন।সূত্র জানায়, বোরো চাষে ভর্তুকির পরিমাণও প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন বোরো মৌসুমে অপেক্ষাকৃত ছোট ও প্রান্তিক শ্রেণীর প্রায় ৯১ লাখ চাষিকে সেচের জন্য ব্যবহূত ডিজেলের ভর্তুকি বাবদ (প্রতি লিটার ডিজেলের জন্য পাঁচ টাকা হিসাবে) মোট ৩৫০ কোটি টাকার নগদ সহায়তা দেওয়ার কথা ছিল। এখন করা হয়েছে ৭৪৮ কোটি ৭১ লাখ টাকা। এই টাকা এখন আর প্রতি লিটার ডিজেলের জন্য হিসাব করে দেওয়া হবে না। দেওয়া হবে চাষিদের শ্রেণী অনুযায়ী। এ জন্য বোরোচাষিদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, যাঁদের জমির পরিমাণ আধা একরের কম থেকে সর্বোচ্চ আড়াই একর পর্যন্ত। আর দ্বিতীয় ভাগে রয়েছেন এমন চাষি, যাঁদের জমির পরিমাণ আড়াই একর থেকে সাড়ে সাত একরের মধ্যে।প্রথম শ্রেণীভুক্ত মোট বোরোচাষি চিহ্নিত করা হয়েছে ৮৩ লাখ ৭২ হাজার ৫৮১ জন। তাঁদের প্রত্যেককে ভর্তুকি বাবদ ৮০০ টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণীভুক্ত চাষির সংখ্যা সাত লাখ ৮৯ হাজার ১৩ জন। তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হবে। সরকার এই টাকা ব্যাংকে পাঠাবে। উপকরণ-সহায়তা কার্ড দেখিয়ে সংশ্লিষ্ট কৃষকেরা এই টাকা তুলবেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর দেশের সর্বমোট এক কোটি ৮২ লাখ কৃষক-পরিবারের মধ্যে ‘কৃষি উপকরণ-সহায়তা কার্ড’ বিতরণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইদ আলী বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা কার্ড ছাপিয়ে তথ্যাদি লিখে প্রস্তুত আছি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর খুব অল্প সময়ের মধ্যেই এগুলো বিতরণ করা যাবে।’জানা গেছে, এরই মধ্যে কোনো কোনো এলাকায় কিছু কার্ড বিতরণ করা হয়েছে। এই কার্ডে পরিবারটির নাম-ঠিকানা ছাড়াও জমিজমা, কৃষিকাজ, প্রাপ্ত উপকরণ-সহায়তা ও ভর্তুকি-সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকছে। এই কার্ডকে ভিত্তি ধরে দেশের কৃষক, কৃষিজমি, ফসলের বৈচিত্র্য, ফলনের পরিমাণ প্রভৃতি যাবতীয় তথ্যের একটি জাতীয় ভান্ডার (ন্যাশনাল ডাটাবেজ) গড়ে তোলা হবে।কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রগুলো জানায়, এ বছর সারা দেশে ৪৮ লাখ হেক্টর (এক কোটি ১৮ লাখ ৫৬ হাজার একর) জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোট ধান উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ৮৭ লাখ মেট্রিক টন। এই চাষাবাদের জন্য মোট সেচযন্ত্র ব্যবহূত হবে প্রায় ১৫ লাখ। এর মধ্যে আড়াই লাখে থাকবে বিদ্যুত্ সংযোগ। এ জন্য প্রতিদিন প্রায় এক হাজার মেগাওয়াট বাড়তি বিদ্যুত্ দিতে হবে। বাকি সাড়ে ১২ লাখ সেচযন্ত্রের জন্য পুরো মৌসুমে ডিজেল দরকার হবে প্রায় ১০০ কোটি লিটার। এ বছর বোরো চাষে সার লাগবে প্রায় ১৯ লাখ মেট্রিক টন। এর মধ্যে প্রায় ১৬ লাখ টন হচ্ছে ইউরিয়া।