বোরোবীজের দাম বাড়ানোর দাবিতে কৃষকদের ধর্মঘট
চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তালিকাভুক্ত ১০ হাজার কৃষক ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। উত্পাদিত বোরো ধানের বীজের দাম কেজিপ্রতি ৩০ টাকা ঘোষণার দাবিতে গত মঙ্গলবার থেকে তাঁরা ধর্মঘট শুরু করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন থেকে প্রায় ১০ হাজার ৮৫০ মেট্রিক টন বোরো ধানের বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ১ জুন থেকে বিএডিসি বোরোবীজ সংগ্রহ অভিযান শুরু করে। কৃষকেরা এ পর্যন্ত এক হাজার ৩০০ মেট্রিক টন বীজ সরবরাহও করেছেন। গত সোমবার বিএডিসির পক্ষ থেকে জানানো হয়, প্রতি কেজি বীজের দাম হবে ২৫ টাকা। এ খবরে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা আন্দোলন শুরু করেন। কৃষকেরা জানান, তাঁদের আশা ছিল, বিএডিসি কেজিপ্রতি বীজধানের দাম কমপক্ষে ৩০ টাকা নির্ধারণ করবে। কিন্তু তা না করায় বীজ সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষক এনামুল হক জানান, বিএডিসির নির্ধারিত দামে বীজ সরবরাহ করা হলে কৃষকদের লোকসান গুনতে হবে। জানতে চাওয়া হলে চুয়াডাঙ্গা বিএডিসির যুগ্ম পরিচালক সুলতান গিয়াসউদ্দিন জানান, গত সোমবার ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠকে বোরো বীজধানের দাম নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপপরিচালক আবদুল মালেক জানান, প্রতি কেজি বোরো বীজধানের দাম ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে শুনেছি।