বোরোর চারা রোপণ শুরু, শঙ্কা তবু কৃষকের মনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো ধানের হালিচারা রোপণ শুরু হয়েছে। হাকালুকি হাওর এলাকার কৃষকদের এখন দম ফেলার ফুরসত নেই। কিন্তু ফসল ফলানোর আনন্দ যতটা না, তার চেয়েও মনে আনাগোনা করে অজানা আশঙ্কা। ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় গত মৌসুমের বোরো ফসল ঘরে তুলতে পারেননি কৃষক। প্রায় সাত মাসের জলাবদ্ধতায় আউশ ও আমন ফসলও মার খেয়েছে। যে কারণে হাকালুকি হাওরে ঢল ও জলাবদ্ধতার সৃষ্টি হয়, এখনো সেই প্রতিবন্ধকতা দূর করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বন্যা হলেই কেবল এ নিয়ে কথাবার্তা হয়। এর আগে বিষয়টির গুরুত্ব কেউ বুঝতে চান না। কিন্তু বৃষ্টি শুরুর আগেই হাকালুকি থেকে পানি নিষ্কাশনের সব বাধা দূর করার উদ্যোগ নিতে হবে। হাওরাঞ্চলের কৃষকেরা জানিয়েছেন, গত বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরের বোরো ফসল ডুবে গিয়ে নষ্ট হয়। এরপর প্রায় সাত মাস ধরে ছিল জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে আউশ ফসলও নষ্ট হয়েছে। আমন ধানের চাষও সম্ভব হয়নি। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় হাওরের জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার তিন হাজার ১২৪ একর জমি পানিতে তলিয়ে গিয়েছিল। এতে অন্তত ছয় হাজার ৭৯ মেট্রিক টন ধান নষ্ট হয়েছে। যার আনুমানিক মূল্য আট কোটি ৫১ লাখ ছয় হাজার টাকা। এলাকাবাসী এই ফসলহানির জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন পিটাইটুকর গ্রামে হাকালুকি হাওর এলাকার বুড়িকিয়ারিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি অপরিকল্পিত বাঁধকে দায়ী করেন। এখনো বাঁধটি অপসারণ বা বাঁধের দুই পাশের নদী খননের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের মাসুক মিয়া বলেন, ‘আমাদের মধ্যে ফসল হারানোর শতভাগ আশঙ্কা বিরাজ করছে। যে বাঁধের কারণে এর আগে বন্যা হয়েছে, ওই বাঁধ এখনো অপসারণ বা কাটা হয়নি। তার পরও কৃষকেরা ঝুঁকি নিয়ে বোরো ধান রোপণ করছেন। গত বছর আমার ৪০ কিয়ার (বিঘা) জমিতে চাষ হয়েছে। কিন্তু এক কেজি ধানও ঘরে তুলতে পারিনি। এবারও একই আশঙ্কা মনে জাগে।’ হাকালুকি বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি এম এ ওয়াদুদ বলেন, কুশিয়ারা নদীর সঙ্গে যুক্ত বুড়িকিয়ারিতে একটি স্লুইসগেট নির্মাণ করা দরকার। এখানে স্লুইসগেট নির্মাণ করা হলে বোরো ফসল কাটার সময় কুশিয়ারা নদীর পানি হাকালুকিতে ঢুকতে পারবে না। এ কাজ এখনই শুরু করা দরকার। কিন্তু মুশকিল হলো, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বোঝানো যাচ্ছে না।এদিকে বাংলাদেশ কৃষক সমিতি ও হাওর বাঁচাও, কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে হাকালুকি হাওরের পানি নিষ্কাশন নিশ্চিত করা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে এলাকায় সভা-সমাবেশ চলছে। পাউবোর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আলী বলেন, জুড়ী নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কালনী ও কুশিয়ারা নদী খননের একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে। কুশিয়ারা ও কালনী হয়ে হাকালুকির পানি ভৈরবের কাছে মেঘনা নদীতে গিয়ে পড়ে। বুড়িকিয়ারি এলাকায় আপাতত কোনো কাজ নেই।