বোরোর চারায় সবুজ মাঠ

দীর্ঘস্থায়ী বন্যায় ফসলহানি। অসময়ের বৃষ্টি বাড়িয়েছে কাজ। যে পানির সঙ্গে মিতালি, সেই পানি এখন হাওর এলাকার মানুষের টিকে থাকার পথ কঠিন করে তুলেছে। তবু দুর্যোগের কাছে হার মানতে রাজি নয় তারা। হাওর অঞ্চলের মানুষ আবার তৈরি হচ্ছে চাষাবাদের জন্য। বোরোর (হালি) চারার মাঠগুলো সবুজ হচ্ছে। আর সেই চারা রোপণের জন্য নিজেদের তৈরি করছেন কৃষক।
কৃষকেরা বলেন, এপ্রিল মাসে অকালবন্যায় জেলার কাউয়াদীঘি, হাকালুকি ও হাইল হাওরের কাঁচা ও আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে যায়। বোরো ধানের পর হাওরাঞ্চলের আউশ ও আমন ধানও নষ্ট হয়েছে। নভেম্বর পর্যন্ত হাওরাঞ্চলের অনেক এলাকার বোরো ধানের হালিচারার জমি পানিতে তলিয়ে ছিল। তাই অনেক কৃষক সময়মতো হালিচারা তৈরি করতে পারেননি।
পানির নিচ থেকে হালিচারার জমি জেগে উঠলে কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু নিম্নচাপজনিত তিন দিনের বৃষ্টি আরেক দফা ভুগিয়েছে কৃষকদের। অনেকের হালিচারার জমি পানিতে ডুবে যায়।
গত মঙ্গলবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর, কাশিমপুরসহ কাউয়াদীঘির হাওরপাড়ের কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, আগের দিনও বৃষ্টি ছিল। সেই বৃষ্টির পানি হালিচারার খেতে। কৃষকেরা পাওয়ার টিলারের মাধ্যমে সেচ দিয়ে হালিচারার খেত থেকে পানি নিষ্কাশন করছেন। পানি না সরালে চারা বাঁচবে না। অনেক কৃষক এখনো হালিচারার জন্য জমি তৈরি করছেন।
ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের রশিদ মিয়া বলেন, তাঁরা কার্তিক মাসে চারা ফলান। এখন অগ্রহায়ণ মাস। এখনো হাওরের নিচের দিকে পানি আছে।
একই গ্রামের লাল মিয়া বলেন, ‘এবার খেত লাইমলা অই গেছে (দেরি হয়ে গেছে)। লাইমলা অওয়ায় ক্ষতি অওয়ার সম্ভাবনা বেশি।’
গত বৃহস্পতিবার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুরা এলাকায় দেখা গেছে, হালিচারার মাঠগুলো সবুজ হয়ে উঠেছে। আবার কোথাও নতুন করে হালির জন্য বীজ ফেলছেন কৃষকেরা।
ধুলিজুরা গ্রামের লখাই দাশ বলেন, এবার দেরিতে ধান রোপণ করতে হবে। পানি থাকলে আর কিছুই করার নেই। আবার পাহাড়ি ঢল বা বৃষ্টি হলে পানি হবে। এ ঝুঁকি নিয়েই কাজ করছেন তাঁরা।
কৃষি বিভাগের মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, এ জেলায় বোরোর লক্ষ্যমাত্রা হচ্ছে সাড়ে ৫২ হাজার হেক্টর। এর মধ্যে কাউয়াদীঘি, হাকালুকি ও হাইল হাওর এলাকার জমি হচ্ছে প্রায় ২১ হাজার হেক্টর। বোরো ধানের হালিচারার জমি ২ হাজার ৯০০ হেক্টর। এর মধ্যে হাওরাঞ্চলে আছে এর অর্ধেক।
কৃষি বিভাগের মতে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হালিচারা তৈরি হয়েছে। এর পরিমাণ ২ হাজার ৯৮০ হেক্টর। হাওরে সাধারণত বিআর-২৮ ও বিআর-২৯ জাতের ধান চাষ হয়।
ব্রি-২৯ জাতের ধানের চাষ এবার কম করে হলেও ১৫ দিন পিছিয়েছে। এ ধানে ফলন বেশি হলেও পাকে দেরিতে। ব্রি-২৮ থেকে ব্রি-২৯ জাতের ফলন প্রায় দেড় গুণ বেশি। পাকে এপ্রিলের শেষ সপ্তাহে। তাই অকালবন্যা থেকে ধান রক্ষা করতে আগে চারা রোপণ করতে হয়। কিন্তু পানি দেরিতে কমায় দেরিতে হালিচারা লাগানো হয়েছে। এ ফসল ঘরে তোলার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। এবার ব্রি-২৮ জাতের ধান বেশি লাগানোর জন্য কৃষকদের উৎসাহিত করা হয়েছে।
মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান গত মঙ্গলবার বলেন, ‘বেশির ভাগ বীজতলা তৈরি হয়ে গেছে। দু-চারজন কৃষক বিলম্বে হালিচারা তৈরি করছেন। অল্প কিছু জমিতে ধান লাগানোও শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই কৃষকেরা হালিচারা রোপণ শুরু করবেন। আগাম বন্যায় পরপর দুবার ফসল নষ্ট হয়েছে। আশা করছি এবার তা হবে না। সাধারণত লাগাতার দুবারের বেশি এ রকম বন্যা হয় না।’