বোরোর দাম পাচ্ছেন না কৃষক
বগুড়ার কিছু এলাকায় আগাম রোপণ করা বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু কৃষক ধানের ভালো দাম পাচ্ছেন না। কৃষকেরা বলছেন, ধান বিক্রি করে তাঁদের উৎপাদন খরচই উঠছে না। এদিকে গাইবান্ধার হাটবাজারে বোরো ধান উঠলেও ক্রেতা নেই। ফলে কৃষকেরা কম দামে চাতালের মালিকদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
বগুড়ায় পুরোদমে ধান কাটা শুরু হবে ১০-১২ দিন পর। কিন্তু দুই সপ্তাহ ধরে আগাম রোপণ করা ধান কাটছেন বগুড়ার নন্দীগ্রামের কৃষকেরা। ইতিমধ্যে শিবগঞ্জ, শাজাহানপুর, সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় ধান কাটা শুরু হয়েছে। কিন্তু কৃষকেরা আশানুরূপ দাম পাচ্ছেন না। এতে তাঁরা হতাশ হয়ে পড়েছেন।
শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামের কৃষক আফাজ মিয়া বলেন, এক মণ ধান উৎপাদন করতে ৬০০ টাকার ওপরে খরচ পড়ে। কিন্তু বিক্রি হচ্ছে মণপ্রতি ৫৫০ টাকায়।
এদিকে গাইবান্ধার হাট-বাজারে বোরো ধান উঠলেও ক্রেতা নেই। ফলে কৃষকেরা চাতালের মালিকদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
গত দুই দিন জেলার কয়েকটি বাজারে ঘুরে দেখা যায়, হাট-বাজারগুলোতে কোনো ক্রেতা নেই। বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা বাজারে ধান বিক্রি করতে আসেন কৃষক হাফিজার মিয়া। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে বাজারে অপেক্ষা করে তিনি ধান বিক্রি করতে পারেননি। বাধ্য হয়ে সন্ধ্যায় চাতালের এক মালিকের কাছে ৪৫০ টাকায় এক মণ ধান বিক্রি করেছেন।