বোরোর পর তলিয়ে যাচ্ছে আমন
সুনামগঞ্জের কৃষক সুরুজ আলী (৬০) গত বৈশাখে ১২ একর জমিতে বোরো ধান লাগিয়েছিলেন। বন্যার কারণে সেবার এক কেজি ধানও পাননি। এবার ১০ একর জমিতে আমন লাগিয়েছিলেন। এই ধানও তলিয়ে গেছে। তিনি বলেন, ‘আমি এখন পথের ফকির।’
অতিবৃষ্টিতে হওয়া বন্যার কারণে সুনামগঞ্জে বোরো ধানের পর এবার আমন আবাদও ক্ষতির মুখে পড়েছে। জেলা কৃষি বিভাগ বলছে, এবার জেলায় ১ লাখ ৫০ হাজার ৬৭০ একর জমিতে আমন ধানের চাষ করার কথা। বন্যায় এখন পর্যন্ত ১৭ হাজার ২৯০ একর জমির ধান তলিয়ে যাওয়ার হিসাব পাওয়া গেছে। বীজতলা নষ্ট হয়েছে ২ হাজার ৪৭০ একর। যদিও স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা বলছেন, ক্ষতির পরিমাণ আরও বেশি হবে।
এর আগে গত এপ্রিলে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসলরক্ষা বাঁধ ভেঙে নষ্ট হয়ে যায় জেলার ১৫৪টি হাওরের বোরো ফসল। সরকারি হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ছিল ৩ লাখ ৯৯ হাজার ১৮১ একর। ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০ পরিবার।
সুনামগঞ্জ শহর থেকে দোয়ারাবাজার উপজেলায় যাওয়ার পথে সড়কের দুই পাশে আমন জমি। সড়কের উত্তরে সুরমা নদী। নদীর তীরে উঁচু জমিতে লাগানো হয়েছিল আমন ধান, করা হয়েছিল বীজতলা। আবার সড়কের দক্ষিণ পাশেও রয়েছে ফসলি জমি। এসব জমির বেশির ভাগই এখন পানির নিচে।
গত মঙ্গলবার দুপুরে এ উপজেলার ২৮ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, বোরো ফসল হারানোর পর তাঁরা অসহায়। অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। হাতে কোনো টাকাপয়সা নেই। তবুও তাঁরা ধারদেনা করে আমন ধান লাগিয়েছিলেন। সেই ধানও এখন তলিয়ে গেছে।
উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বদরপুর গ্রামের কৃষক মনির হোসেন (৪৩। তিনি গত বৈশাখে তিন একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। বন্যার পানিতে তা নষ্ট হয়ে যায়। এবার জিনারি বিল এলাকায় সাড়ে তিন একর জমিতে আমন ধানের বীজতলা করেছিলেন। এখন সেটাও পানির নিচে। এ অবস্থায় তাঁর মাথার ওপর ঋণের বোঝা।
মনির বলেন, ‘বোরো ধান যাওয়ার পরে খাইয়া না-খাইয়া দিন যায়। মনে করছিলাম আমনটা পাইলে জানটা বাঁচব। এখন তো এইটাও গেল। ঘরও ছয়জন মানুষ। সকালে দুই কেজি আটা কিইন্যা দিয়া আইছি। এখন বেলা একটা বাজে, নিজে কুনতা খাইছি না। আরেকবার যে জমিত ধান লাগাইমু এই উপায় নাই।’
উপজেলার আরও কয়েকজন কৃষক বলেন, আমন ধান রোপণের আরও ২০-২৫ দিন সময় আছে। বন্যার পানি নেমে গেলে জমিতে আবার ধান লাগানো যাবে। কিন্তু বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা চারাও পাবেন না। সরকার থেকে চারা ও সার কেনার সহায়তা পেলে তাঁরা আবার জমিতে আমন ধান লাগাতে পারবেন। নতুবা তাঁদের সামর্থ্য নেই। তবে দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কৃষক আবদুল মালিক বলেন, দুই বারের ধান তলিয়ে যাওয়ায় আর ধানের চিন্তা করছেন না তিনি। এখন দিনমজুরি বা অন্য কোনো কাজ করবেন। তিনি আর ঝুঁকি নিতে রাজি নন।
উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, হিসাবমতে এখন পর্যন্ত উপজেলায় ৬ হাজার ৪৪৬ একর জমির আমন ধান তলিয়েছে।
তবে মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন, তাঁর ইউনিয়নেই চার থেকে পাঁচ হাজার একর জমির আমন ধান তলিয়েছে। তাহলে উপজেলার নয় ইউনিয়নে আরও কত একর ধানি জমি তলিয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহেদুল হক বলেন, ক্ষয়ক্ষতির পুরো হিসাব এখনো পাওয়া যায়নি। তবে দু-এক দিনের মধ্যে পানি নেমে গেলে তলিয়ে যাওয়া ধানের ক্ষতির পরিমাণ কম হবে।
সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান (বিশ্বম্ভরপুর ও সদর) বলেন, হাওর এলাকার মানুষ একটার পর একটা দুর্যোগে পড়ছে। সরকারের উচিত দ্রুত কৃষকদের প্রয়োজনীয় সার-বীজ ও কৃষি উপকরণ দিয়ে সহায়তা করা। না হলে এসব মানুষ ঘুরে দাঁড়াতে পারবে না।