কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময়মতো খেতে পানি দিতে পারছেন না কৃষকেরা। এ কারণে এবার বোরো ধানের ভালো ফলন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা। পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, জেলার চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও সদরের আংশিক এলাকায় দুই মাস ধরে ঘন ঘন লোডশেডিং চলছে। বিদ্যুতের অভাবে স্থানীয় কৃষকেরা বোরো খেতে সময়মতো পানি দিতে পারছেন না। কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দুই মাস আগে দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ পেলেও এখন বিদ্যুৎ থাকে মাত্র পাঁচ-ছয় ঘণ্টা। ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনার কৃষক আনোয়ার হোসেন বলেন, তীব্র লোডশেডিংয়ের কারণে তাঁরা বোরো খেতে সময়মতো পানি দিতে পারছেন না। এতে এবারের বোরোর ফলন ভালো হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। শাপলাপুর ইউনিয়নের সাইটমারার কৃষক আবুল কালাম বলেন, নিয়মিত বিদুৎ না পাওয়ায় ডিজেলচালিত সেচযন্ত্রের মাধ্যমে পানি দিতে গিয়ে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার একটি পৌরসভার ও আটটি ইউনিয়নের ১৭১টি গ্রামের মধ্যে ১৩৩টি গ্রামে বিদ্যুৎ-সংযোগ রয়েছে। আর গ্রাহকের সংখ্যা প্রায় ১২ হাজার। সেচযন্ত্রের গ্রাহক ২২০ জন। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক বিপ্লব কুমার সরকার বলেন, এই এলাকায় বিদ্যুতের চাহিদা চার মেগাওয়াট। কিন্তু বরাদ্দ পাওয়া যায় এক থেকে দেড় মেগাওয়াট। এ কারণে তিন ঘণ্টা লোড়শেডিং দেওয়ার পর গ্রাহকেরা ও সেচযন্ত্র ব্যবহারকারীরা এক ঘণ্টা বিদ্যুৎ পান। তাঁর দাবি, এতে বোরো চাষিদের কোনো ক্ষতি হচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন প্রথম আলোকে বলেন, লোডশেডিংয়ের কারণে কৃষকেরা বোরো খেতে সময়মতো পানি দিতে পারছেন না। এতে বোরো চাষ চরমভাবে ব্যাহত হচ্ছে।