বোরোর ফলন ভালো, হাকালুকিপারে আনন্দ
কাজল মিয়া (৫০) গত বছর সাত বিঘা জমিতে বোরো ধানের চাষ করেন। ফসলও পাকতে শুরু করে। কিন্তু ঘরে তোলার আগেই পাহাড়ি ঢলে চোখের সামনে তলিয়ে যায় মাঠভরা ফসল। তবে এ বছর সেই কষ্টটা নেই। জমিতে ফলন হয়েছে ভালো। কাটা চলছে ধুমসে। মৌলভীবাজারের হাকালুকি হাওরপারের লোকজনের এখন ব্যস্ত সময় কাটছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর কুলাউড়ায় সাত হাজার ৭০০, জুড়ীতে সাড়ে পাঁচ হাজার ও বড়লেখায় ছয় হাজার ২১৪ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার (গতকাল) হাকালুকিপারের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সব জায়গায় যেন উৎসবের আবহ। জমির ধানে পাকা রং ধরেছে। অনেক জায়গায় ধান কাটা শুরু হয়েছে। মানুষজন মাথায় ধানের আঁটি নিয়ে বাড়ির পথে ছুটে চলছেন। কেউ কেউ খেতের কাছে কিছু জায়গা পরিষ্কার করে ধান মাড়াই করছেন। আশপাশের বাড়ির উঠানেও চলছে মাড়াই কাজ। মাথায় গামছা বেঁধে ধান কাটছিলেন জুড়ীর গোবিন্দপুর গ্রামের রেণু মিয়া (৪৫)। ‘গতবার পানির নিচ থাকি সামান্য ধান তুলছিলাম। খুব কষ্ট অইছিইন। ইবার ধান পাইয়া মন ভরি গেছে।’ তাঁর চেহারায় খুশির ঝিলিক। আধাপাকা ধান উঠানে ফেলে রোদে পা দিয়ে নেড়েচেড়ে শুকাচ্ছিলেন একই গ্রামের গৃহবধূ সুলেখা দাশ (৩৫)। হাসি মেশানো কণ্ঠে তিনি বলেন, ‘ধান ভালা পাইলে পরিবারর হখলর মনও ভালা থাকে।’ কুলাউড়ার কানকইরচকের আবুল হাশেম (৫০) জানান, চৈত্র মাসের শেষ দিকে কয়েক দফা বৃষ্টিতে তাঁরা শঙ্কিত হয়ে পড়েন। পাহাড়ি ঢলের ভয়ে এলাকার লোকজন বৈশাখের শুরু থেকেই ধান কাটা শুরু করে দেন। পরে অবশ্য সে ভয় কেটে যায়।বিভিন্ন এলাকার কৃষকেরা অভিযোগ করেন, ব্রি-৪৭ জাতের ধানের চাষ করে তাঁরা ঠকেছেন। ওই ধানের ফলন আশানুরূপ হয়নি। এ ছাড়া ধান চিটা হয়ে গেছে।কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ জানান, এবার বৃষ্টি কম হওয়ায় লোকজন বোরো ফসল রক্ষা করতে পেরেছে। বর্ষা মৌসুমে দীর্ঘ জলাবদ্ধতাই এ অঞ্চলের বড় সমস্যা। জুড়ী নদী দিয়ে আসা পাহাড়ি ঢলে এ সমস্যা দেখা দেয়। গত বছর ফসল ছাড়াও বাড়িঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সে কারণে পানি নিষ্কাশনের সুবিধার্থে সিলেটের ফেঞ্চুগঞ্জে জুড়ী নদীর মোহনা পুনর্খননের দাবি জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কাজ শুরু হয়েছে। কিন্তু এখনো তা শেষ হয়নি। জুড়ীর উপজেলা কৃষি কর্মকর্তা বাছিরুল আলম ও কুলাউড়ার কৃষি কর্মকর্তা খুরশীদ আলম ব্রি-৪৭ জাতের ধানে চিটার সত্যতা স্বীকার করে জানান, এবার প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় এই ধানের চাষ হয়েছে। এটা লবণাক্ত মাটির উপযোগী। তাই সমস্যা হয়েছে। ভবিষ্যতে ওই ধানের বীজ না কিনতে তাঁরা কৃষকদের পরামর্শ দেবেন।মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল জলিল মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিনে হাওরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। ধানের ফলন ভালো হয়েছে। লোকজন খুব খুশি। আমাদেরও ভালো লাগছে।’