বোরোর ফলন ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই
শরীয়তপুরে বোরো ধানের ফলন ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই। ধানের দাম কম থাকায় ও পাম্পমালিকেরা সেচের খরচ বেশি নেওয়ায় বোরো আবাদ করে কৃষকদের লোকসান হচ্ছে। এ কারণে চাষের জন্য নেওয়া ঋণ পরিশোধ নিয়েও চিন্তিত আছেন তাঁরা।নড়িয়া উপজেলার ভড্ডা গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান জানান, তিনি দুই একর জমিতে বোরোর আবাদ করেছেন। হাতে নগদ টাকা না থাকায় মাসিক পাঁচ টাকা হারে সুদে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ হাজার টাকা ঋণ নেন। দুই একর জমিতে খরচ হয়েছে ৫৬ হাজার ৫০০ টাকা। তিনি ধান পেয়েছেন ১৫০ মণ। এর মধ্যে জমিতে পানি দেওয়ার জন্য সেচযন্ত্রের মালিকেরা নিয়েছেন ৩৮ মণ ধান। ধান কাটা ও মাড়াই করার জন্য শ্রমিকদের দিতে হয়েছে ২২ মণ। বাকি ৯০ মণ ধান ৪০০ টাকা দরে বিক্রি করে পেয়েছেন ৩৬ হাজার টাকা। দুই একর জমিতে আবাদে তাঁর লোকসান হয়েছে ২০ হাজার টাকা। সুদসহ ঋণের ৪৮ হাজার টাকা তাঁকে ফেরত দিতে হবে ৩০ এপ্রিলের মধ্যে। ঋণের টাকা কীভাবে ফেরত দেবেন, তা নিয়ে চিন্তিত তিনি। শুধু মোস্তাফিজ নন, এমন অবস্থা এ বছর শরীয়তপুরের কয়েক হাজার কৃষকের।শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ৩৩ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন। চার হাজার ৬৭৩টি পাম্পের মাধ্যমে সেচ ব্যবসায়ীরা পানি সরবরাহ করেন। এর মধ্যে ডিজেলচালিত পাম্প তিন হাজার ৯৪০টি ও বিদ্যুৎচালিত পাম্প ৭৩৩টি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন স্থানীয় সেচ ব্যবসায়ীদের কাছে ৫১টি পাম্প ভাড়া দিয়েছে। তাদের ৫১টি পাম্প দিয়ে ৯৬৮ হেক্টর জমিতে সেচ দেওয়া হয়েছে। সেচ ব্যবসায়ীরা বিদ্যুৎচালিত পাম্প হলে কৃষকের কাছ থেকে সেচের খরচ বাবদ মোট উৎপাদনের ২০ শতাংশ ধান এবং ডিজেলচালিত পাম্প হলে ২৫ শতাংশ ধান নিচ্ছেন। সদর উপজেলার কাগদী এলাকার মজিবর খান বিএডিসির সেচপাম্প ভাড়া নিয়ে কৃষকদের জমিতে সেচ দেন। তিনিও কৃষকের কাছ থেকে ২৫ শতাংশ হারে সেচের খরচ ধান নেন। তিনি বলেন, ‘এলাকার সাত হাজার একর বোরো ধানের জমিতে পানি সরবরাহ করে থাকি। কীর্তিনাশা নদী থেকে পানি তুলে জমিতে দিতে হয়। খরচ বেশি হওয়ায় কৃষকের থেকে ২৫ শতাংশ ধান নিতে হচ্ছে। গোসাইরহাট উপজেলার সামন্তসার গ্রামের কৃষক রিয়াজ উদ্দিন, আবু সুফিয়ান ও বেলায়েত হোসেন জানান, এ বছর তাঁদের একরপ্রতি ধান আবাদে খরচ হয়েছে ২৮ থেকে ৩০ হাজার টাকা, যা ফলন হয়েছে তার ২৫ শতাংশ সেচের জন্য দিতে হয়েছে। বাকি ধান বিক্রি করে উৎপাদন খরচ তোলা যায়নি।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুনসুর রহমান জানান, এ বছর শরীয়তপুরের বোরো ধানের ফলন অনেক ভালো হয়েছে। দাম কম থাকায় এবং সেচের খরচ বাবদ ধান বেশি নেওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।