বোরোর সার তামাক খেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বোরো চাষের জন্য বরাদ্দ করা ইউরিয়া সার তামাকচাষিদের কাছে চলে যাচ্ছে। এতে বোরো মৌসুমে সার-সংকটের আশঙ্কা করছেন সাধারণ চাষিরা। ইতিমধ্যে বোরো চাষের জন্য বরাদ্দ পাওয়া ৩০ মেট্রিক টন সার বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। অথচ উপজেলায় বোরোর আবাদ এখনো শুরুই হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য বছর তামাক কোম্পানিগুলো চাষিদের নগদ টাকা ও সার দিয়ে সাহায্য করত। এবার তা দেওয়া হচ্ছে না। কারণ, সার কারখানা ও ডিলারদের সঙ্গে আগে তামাক কোম্পানিগুলোর চুক্তি ছিল। এখন আর সেই চুক্তি নেই। সে জন্য বোরো চাষের সার তামাক খেতে নেওয়া হচ্ছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে ও সার ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী জানুয়ারি থেকে বোরো চাষ শুরু হবে। প্রতিবছর এ মৌসুমে তিন হাজার একরের বেশি জমি চাষ করা হয়। বীজতলা বপনের কাজ চলছে। বাঘাইছড়িতে দুজন ডিলার রয়েছেন। আছেন ২১ জন সাব-ডিলার। বোরো চাষের জন্য নভেম্বর ও ডিসেম্বরে ৪৫ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৩০ মেট্রিক টন সার বিক্রি হয়ে গেছে, যার ৮০ শতাংশই তামাকের খেতে চলে গেছে। বাকি ২০ শতাংশ সার সবজি ও বোরো বীজতলার জন্য নেওয়া হয়েছে। জানুয়ারিতে ১০০ মেট্রিক টন সারের চাহিদা দেওয়া হয়েছে।কৃষি কার্যালয়, কৃষক ও তামাক কোম্পানি সূত্রে জানা গেছে, উপজেলায় নভেম্বরের মাঝামাঝি থেকে তামাক চাষ শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার তামাক চাষ বেড়েছে। এ পর্যন্ত খেদারমারা, সারোয়াতলী, বাঘাইছড়ি, মারিশ্যা, রূপকারী ইউনিয়ন ও পৌরসভায় ৮৭০ একরে তামাক চাষ হয়েছে।পৌর এলাকার তামাকচাষি আয়ুব আলী বলেন, ‘ডিলারদের কাছে মিথ্যা বলে তামাক খেতের জন্য দুই বস্তা সার এনেছি। তিন একরে তামাক খেত করেছি। আরও অনেক সারের প্রয়োজন হবে।’বাঘাইছড়ির সার ডিলার নাজিম উদ্দিন বলেন, ‘গত দুই মাসে ৪৫ মেট্রিক টন সার পাওয়া গেছে। এর মধ্যে ৩৫ মেট্রিক টন সরকারিভাবে বরাদ্দ এবং ১০ মেট্রিক টন অতিরিক্ত আনা হয়েছে। সামনে বরাদ্দ আরও বাড়ানো হবে। সরকারিভাবে বরাদ্দ পাওয়া সার তামাক খেতে না দেওয়ার জন্য বাধা আসে। আমরা কৃষক কার্ড দেখে সার দিচ্ছি। তবে তামাক খেত, নাকি বোরো খেতের জন্য কৃষকেরা নিচ্ছেন, তা আমাদের দেখার বিষয় নয়।’ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা তুষাক কান্তি চাকমা জানান, সরকারি সার তামাক খেতে না দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। তা ছাড়া আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক দেখাশোনা করছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রেহান উদ্দিন জানান, তামাকচাষিদের কাছে সার বিক্রি না করার জন্য বলা হয়েছে। যদি কোনো ডিলার বিক্রি করেন, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।