বোরোর সার তামাক খেতে না দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তামাকচাষিদের কাছে সার বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাঘাইছড়ির জেলা পরিষদ বিশ্রামাগারে জেলা কৃষি কর্মকর্তারা এ নির্দেশ দেন।এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলার ২৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে জেলা পরিষদ বিশ্রামাগারে উপসহকারী কৃষি কর্মকর্তা ও সার-ডিলারদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জেলা কৃষি কার্যালয়ের উপপরিচালক সাদির উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণবিশেষজ্ঞ তরুণ ভট্টাচার্য্য, শস্য উত্পাদনবিশেষজ্ঞ রমণী কান্তি চাকমা ও জেলা সদর কৃষি কর্মকর্তা অপ্রু মারমা উপস্থিত ছিলেন।তরুণ ভট্টাচার্য্য বলেন, ‘জরুরি বৈঠক ডেকে সার ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের ‘বোরোচাষিদের জন্য বরাদ্দ সার যেন তামাকখেতে না যায়’ এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও যদি তামাকখেতে সার দেওয়া হয়, তাহলে ডিলারদের লাইসেন্স বাতিল ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তোফায়েল বলেন, ‘আমাদের ২৪ জনের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেতন আনতে গেলে বেতন হয়নি বলে জানানো হয়েছে। এখন আমরা তামাকখেতে যাতে সার না যায়, এ জন্য পালাক্রমে ডিলারদের তদারকি করছি।’গত সোমবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘বোরোর সার তামাকখেতে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।