বোর্ড থেকে চিঠি আসার আগেই নিবন্ধন ফি আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল উচ্চবিদ্যালয়ে বোর্ডের চিঠি পাওয়ার আগেই নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে নিবন্ধন ফি আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, এই ফি আদায়ের চিঠি এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়নি। এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কচুরগুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন ২৫ মার্চ নিবন্ধনের শেষ তারিখ জানিয়ে সম্প্রতি নবম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে ফি আদায় করেন। প্রধান শিক্ষক কামাল এ বিষয়ে কোনো মন্তব্য না করে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ গতকাল সোমবার বলেন, ‘নিবন্ধনসহ খেলাধুলা ও কোচিং ফি বাবদ ৩০০ টাকা করে নেওয়া হয়েছে।’ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের স্কুল পরিদর্শকের কার্যালয়ের সেকশন অফিসার জাহাঙ্গীর আলম গতকাল প্রথম আলোকে জানান, নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর জন্য কর্তৃপক্ষ নিবন্ধন ফি ১০০ টাকা নির্ধারণ করেছে এবং এ-সংক্রান্ত চিঠি আগামী সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে ডাকযোগে পাঠানো হবে।