বোর্ড পরিদর্শকের নির্দেশ না মানায় স্কুল বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বোর্ডের এক বিদ্যালয় পরিদর্শক সাতক্ষীরার লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি ওই বিদ্যালয়েরই সাময়িক বরখাস্ত হওয়া এক শিক্ষককে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ ওই নির্দেশ না মানায় তিনি ২০ অক্টোবর এ নির্দেশ দেন। এতে ওই বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুন্সী আমিরুল ইসলাম জানান, বিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সহকারী শিক্ষক অহিদুর রহমানকে গত ২৬ জুন সাময়িক বরখাস্ত করা হয়। পরে অহিদুর রহমান তাঁকে বরখাস্ত করার আদেশ প্রত্যাহারের জন্য যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরাবর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিদর্শক ওহিদুল আলম ১২ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর এক চিঠি পাঠান। এতে উল্লেখ করা হয়, ‘অহিদুর রহমানকে চাকরিতে যোগদানপূর্বক বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের ব্যবস্থা করে অত্র পত্র ইস্যুর তারিখ হতে সাত দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হলো।’ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম জানান, এ চিঠি পাওয়ার পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সভা হয়। সভায় ব্যবস্থাপনা কমিটি আগের সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত নেয়। বিষয়টি ২১ অক্টোবর ডাকযোগে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ওহিদুল আলমকে অবহিত করা হয়। বিদ্যালয় পরিদর্শক ২০ অক্টোবর অপর এক চিঠিতে বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। ওই চিঠি বিদ্যালয় কর্তৃপক্ষ ২৫ অক্টোবর পেয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়নুদ্দিন জানান, যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক তাঁদের বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এতে বিদ্যালয়ের ৩৮৭ জন ছাত্রছাত্রীর লেখাপড়া বন্ধ হতে চলেছে। বিশেষ করে আগামী ৪ নভেম্বর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার নিবন্ধন ও প্রবেশপত্র না পেলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।সহকারী শিক্ষক অহিদুর রহমান দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মিথ্যা। তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে।যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ওহিদুল আলম জানান, তাঁরা তদন্ত করে দেখেছেন, শিক্ষক অহিদুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তাই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই শিক্ষককে পুনর্বহাল করার বিষয়ে নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু ওই নির্দেশ না মানায় বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।যশোর বোর্ডের চেয়ারম্যান এম আবুল বাসার মোল্লা জানান, বিষয়টি তাঁর জানা নেই। তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তি নির্দেশ না মানলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা ঠিক হয়নি। বিষয়টি আমি দেখব।’