বোর্ডসেরা তালিকায় পাবনার চার স্কুল
এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০-এর তালিকায় পাবনার চারটি স্কুল স্থান পেয়েছে। এর মধ্যে পাবনা জেলার শীর্ষ এবং রাজশাহী শিক্ষা বোর্ডে ৬ষ্ঠ হয়েছে পাবনা ক্যাডেট কলেজ।
পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। জেলায় দ্বিতীয় ও শিক্ষা বোর্ডে ১২তম স্থানে রয়েছে পাবনা জিলা স্কুল। এই স্কুল থেকে ২৫২ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন। ২৫৬ জন পরীক্ষা দিয়ে ১৭৩ জন জিপিএ-৫ পেয়ে তালিকায় জেলার তৃতীয় এবং শিক্ষা বোর্ডে ১৬তম স্থান দখল করেছে পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। জেলার চতুর্থ ও বোর্ডে ১৮তম স্থান দখল করেছে আল-হেরা একাডেমি। এই স্কুলের ১১৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন।
এ ছাড়া জেলার শীর্ষ ১০ স্কুলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ঈশ্বরদী ইক্ষু গবেষণা হাইস্কুল। এখান থেকে ৫০ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। ষষ্ঠ স্থান অর্জন করেছে ঈশ্বরদীর সাঁড়া মাড়োয়ারি হাইস্কুল। ১৪৪ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। সপ্তম স্থান অধিকারী চাটমোহর সেন্ট রিটার্স হাইস্কুল থেকে ১৫০ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। অষ্টম স্থানে রয়েছে বেড়া উপজেলার হরিনাথপুর মডেল হাইস্কুল। এখান থেকে ৫৮ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। নবম স্থানে থাকা ঈশ্বরদী পেপার মিলস হাইস্কুল থেকে ১৪৪ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। জেলায় ১০ম স্থান অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল। এখান থেকে ৫৭ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, জেলায় এবার মোট ১৭ হাজার ১৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৩৬ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ২০০৮ জন। গড় পাসের হার ৯৫ দশমিক ৭২।