বোর্ডে পাসের হারে শীর্ষে নওগাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হারে শীর্ষে রয়েছে নওগাঁ জেলা। এ বছর এসএসসিতে পাসের হার ৯৬ দশমিক ১৫ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০১ জন।
এ বছর এসএসসিতে সারা দেশে পাসের গড় হার ৮৭ দশমিক ০৪। আর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ। যা সারা দেশের মধ্যে শীর্ষে।
এ বছর নওগাঁ জেলা থেকে মোট ১৫ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৩৭৩ জন। ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হারের বেশি। ৮ হাজার ৬৯৬ জন ছেলের মধ্যে পাস করেছে ৮ হাজার ৩১৭ জন। পাসের হার ৯৫ দশমিক ৬৪। আর ৭ হাজার ২৯৩ জন মেয়ের মধ্যে পাস করেছে ৭ হাজার ৫৬ জন। পাসের হার হাজার ৯৬ দশমিক ৭৫।
জেলায় এবার ঐতিহ্যবাহী কেডি সরকারি উচ্চবিদ্যালয় তাদের শীর্ষ স্থান ধরে রেখেছে। তবে এ বছর এ স্কুল থেকে জিপিএ পাওয়ার সংখ্যা কমেছে। কেডি স্কুল থেকে ২২৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন। বিজ্ঞানে এ বছর ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন। বাণিজ্যে ২০ জনের মধ্যে কেউই জিপিএ-৫ পায়নি। গত বছর এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছিল ২০৯ জন। গত বছর এই স্কুলটি শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান লাভ করলেও এ বছর ১৩তম হয়েছে।
এ ছাড়া এবার এসএসসি পরীক্ষায় নওগাঁ জেলার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে নওগাঁ জিলা স্কুল ও নওগাঁ গার্লস স্কুল। জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন, আর গার্লস স্কুল থেকে পেয়েছে ১৩০ জন।