চাঁদপুরের কচুয়া উপজেলার মফস্বল এলাকার একটি কলেজ এইচএসসি পরীক্ষার ফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। কলেজটির শতাধিক মেয়ে এবারের পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছেন। অথচ পুরো কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার ফল বিপর্যয় ঘটেছে।
কচুয়া উপজেলার গোহট (উত্তর) ইউনিয়নের মিয়ার বাজার এলাকার এ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ড. মনসুরদ্দিন মহিলা কলেজ। কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন এ কলেজ থেকে এবার ১০৬ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন, এ গ্রেড পেয়েছেন ৯৭ জন। বাকি চারজনের মধ্যে তিনজন এ মাইনাস ও একজন সি গ্রেড পেয়েছেন। অথচ পুরো কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ৪৯ দশমিক ৫২ শতাংশ।
কলেজ সূত্রে জানা যায়, এ বছর কলেজটির ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন। আগের পাঁচবারের মধ্যে চারবারই কলেজটির শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। কেবল ২০১৫ সালে একজন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছিলেন।
কলেজ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মফস্বল এলাকার মেয়েদের লেখাপড়ার সুবন্দোবস্ত করতেই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছেন। ফলে এখন এটি দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে।
অধ্যক্ষ তাপস কুমার দত্ত এ ধারাবাহিক সাফল্যের জন্য কলেজ পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।