বোর্ডের ভুলে বিপাকে পূর্বধলার ৫৫২ পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শিক্ষা বোর্ডের প্রবেশপত্রে ভুলের কারণে নেত্রকোনার পূর্বধলায় অনিয়মিত ৫৫২ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী বিপাকে পড়েছে। সেই সঙ্গে অভিভাবক ও শিক্ষকেরা হয়রানির শিকার হচ্ছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও কয়েকজন কেন্দ্রসচিবের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে জেএসসি, জেডিসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পূর্বধলা উপজেলায় এবার পাঁচটি কেন্দ্রে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ৪ হাজার ৪৫২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে ৫৫২ জন অনিয়মিত পরীক্ষার্থী (আগে এক বা একাধিক বিষয়ে ফেল করা) রয়েছে। তাদের প্রবেশপত্র বিতরণ করতে গিয়ে দেখা গেছে, এর আগে ফেল করা বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের প্রবেশপত্রেও সব কটি বিষয়ের উল্লেখ রয়েছে। এতে পরীক্ষার্থী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকেরা বিপাকে পড়েছেন।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সারা বছর কেবল অকৃতকার্য হওয়া বিষয়গুলো পড়েছে। সে অনুযায়ী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল। কিন্তু বোর্ডের ভুলের কারণে এখন সব বিষয়ে পরীক্ষা দিতে বলা হয়েছে। তারা দ্রুত এ বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
সাধুপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার সরকার ও কেন্দ্রসচিব প্রথম আলোকে বলেন, ‘আমার বিদ্যালয় থেকে এবার ৪৪ জন অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষা দেবে। তাদের সবার প্রবেশপত্রে এমন ভুল রয়েছে।’ জালশুকা কুমোদগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন বলেন, ‘আমার বিদ্যালয়ে ২২ পরীক্ষার্থীর প্রবেশপত্রের ভুল সংশোধন করে আনা হয়েছে। বোর্ডের এমন উদাসীনতার কারণে হয়রানির শিকার হতে হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, এটা হয়তো বোর্ডের দায়িত্বপ্রাপ্ত লোকদের টাইপ করতে গিয়ে ভুল হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, পরীক্ষার আগেই এটি সংশোধিত হবে।