বোস্তামী কাছিমের আবাসস্থল রক্ষার দাবিতে মানববন্ধন
বোস্তামী কাছিমের আবাসস্থল দখল করে বহুতল ভবন নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রামের কয়েকটি সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। তাদের আশঙ্কা, আবাসস্থল রক্ষা করা না গেলে বিরল প্রজাতির বোস্তামী কাছিম চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে ১০টি সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অংশ নেয়। সংগঠনগুলো হচ্ছে সৃষ্টি, মাকস (মানব সম্পদ কল্যাণ সংস্থা), ডিজাস্টার ইন্টারভেনশন প্রোগ্রাম (দীপ), কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি, পরিবেশ ছাত্র ফোরাম চট্টগ্রাম, জলাধার সংরক্ষণ উদ্যোগ, দৃষ্টান্ত, শেরশাহ যুব সংগঠন, আরেফিন নগর ব্যবসায়ী সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০২ সালে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN) বোস্তামী কাছিমকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে।