বোয়ালখালী আর পটিয়ার গ্রামে কান্নার রোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির উঠানজুড়ে স্বজন আর প্রতিবেশীদের ভিড়। বাঁশের বেড়ার দেয়াল ছাপিয়ে কানে আসছিল কান্নার রোল। এক ঘরে গিয়ে দেখা গেছে, নাতনি নাসরিনকে (১২) জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন বৃদ্ধ ময়ূর খাতুন (৭১)। অন্য ঘরে বাকরুদ্ধ নজির আহমদের স্ত্রী শিরিন। সবার চোখেই অশ্রুধারা। বাবার ছবি হাতে নিয়ে নাসরিন বারবার বলছিল, ‘অ দাদি, আঁই হারে আব্বু ডাইক্যুম?’গত শুক্রবার বাহরাইনে অগ্নিকাণ্ডে ১১ জন বাংলাদেশি নিহত হন। নজির আহমদ তাঁদের মধ্যে একজন। তাঁর গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর এলাকায়। এ ঘটনায় নিহত হন পটিয়ার বাথুয়া গ্রামের মাহবুবুল আলম ও মো. জামাল। তাঁদের বাড়িতেও চলছে মাতম। মাস খানেকের মধ্যে তাঁদের দুজনের গ্রামে ফেরার কথা ছিল।বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর গ্রামের মৃত শাকির আহমদের ছেলে নজির আহমদ বাহরাইনে নির্মাণশ্রমিকের কাজ করতেন। এক ছেলে ও দুই মেয়ের জনক তিনি। নজিরের স্ত্রী শিরিন আক্তার জানান, ভাগ্যের অন্বেষণে তাঁর অলংকার বন্ধক রেখে ও ঋণ নিয়ে ছয় বছর আগে বাহরাইনে পাড়ি জমান নজির। ছোট ভাই নাসির উদ্দিনও বাহরাইনপ্রবাসী। শুক্রবার সকালে মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে শেষ কথা হয় নজিরের। মৃত্যুর সংবাদ জানতে পারেন শনিবার সকালে। ফেরা হলো না জামাল ও মাহবুবের: পটিয়ার মালিয়ারাপাড়া এলাকায় জামাল উদ্দিনের বাড়িতে কান্নার রোল উঠেছে। পাড়া-প্রতিবেশীদের ভিড় সেখানে। পুত্রশোকে বিলাপ করছেন বৃদ্ধ মা মোহছেনা বেগম (৭৫): ‘অফুত তোরলে আঁরতে বেশি পেঠ ফুরের, তোরে আঁরতে চাইতম মনে হর, ফুত আঁরে হইয়ি অমা, আঁই এই মাসের শেষত দেশত এক্কবারে আই যাইয়ুম, আর যাইতম নই।’ ছেলের ছবি বুকে নিয়ে বাকরুদ্ধ বাবা আবদুল আজিজ (৮৫)। জামালের দুই ছেলে ও দুই মেয়ে। ২৪ বছর ধরে তিনি বিদেশে আছেন। সর্বশেষ দেশে ঘুরে যান আট বছর আগে। এরপর জন্ম হয় ছোট মেয়ে নাইমুনা সুলতানার। সে এখন চতুর্থ শ্রেণীতে পড়ে। নাইমুনা বলে, ‘শুক্রবার সকালে বিদেশ থেকে বাবা ফোন করার পর বাবাকে বলেছি, বাবা, আমি তোমাকে একবারও দেখিনি। তোমাকে আমার দেখতে ইচ্ছা হচ্ছে। এ সময় বাবা বলেছেন, এই মাসে তিনি চলে আসবেন।’ স্ত্রী নিলু বেগমের সঙ্গেও কথা হয় তখন। কিন্তু শুক্রবার বিকেলে বাহরাইন থেকে ভেসে আসে জামালের মৃত্যুর খবর।পটিয়ার বাথুয়া এলাকার মাহবুবুল আলমও ২০ জানুয়ারি দেশে ফেরার বিমানের টিকিট কেটেছিলেন। শুক্রবার টেলিফোনে পরিবারের সদস্যদের বাড়ি আসার কথা জানিয়েছিলেন। আসার সময় কী কী জিনিস আনবেন, তা স্ত্রী-পুত্রদের কাছ থেকে জেনে নিয়েছিলেন। মাহবুব বিদেশে থাকেন ১০ বছর ধরে। সর্বশেষ চার বছর আগে বিদেশ থেকে দেশে আসেন। তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছে।