বোয়ালখালী ও ঈশ্বরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় যৌতুক না পেয়ে প্রিয়াংকা দাস (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে পূর্ব শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটে।অন্যদিকে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একই কারণে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সাজেদা বেগম নামের গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উচাখিলা ইউনিয়নের মরিচারচর মলামারি গ্রামে এ ঘটনা ঘটে।বোয়ালখালী থানা সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রিয়াংকা মারা গেলেও পুলিশে খবর দেওয়া হয় বিকেল চারটায়। ঘটনা ধামাচাপা দিতে রাতে লাশের সৎকারের উদ্যোগ নেয় প্রিয়াংকার শ্বশুরবাড়ির লোকজন। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। গতকাল রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রিয়াংকার পরিবারের লোকজন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী সুজন লক্ষাধিক টাকার যৌতুক আদায় করেন। প্রিয়াংকার বাবা তপন দাস অভিযোগ করেন, সুজন এরপর আরও টাকা দাবি করেন। তিনি তা না দেওয়ায় সুজন ও তাঁর পরিবারের সদস্যরা প্রিয়াঙ্কাকে হত্যা করেন। এরপর লাশ ফাঁসিতে ঝুলিয়ে এ ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। তিনি জানান, প্রিয়াঙ্কা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিরঞ্জন রায় বলেন, প্রিয়াঙ্কার ফাঁসিতে ঝুলে আত্মহত্যার প্রাথমিক আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন না পাওয়ায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আট বছর আগে মরিচারচর মলামারি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের মেয়ে সাজেদা বেগমের সঙ্গে একই গ্রামের মো. আবদুল মান্নানের ছেলে মাহবুর রহমানের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে মাহবুবকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। পরে মাহবুব আরও ৬০ হাজার টাকা দাবি করেন। না দেওয়ায় তিনি প্রায়ই সাজেদার ওপর নির্যাতন চালাতেন।সাজেদার পরিবারের লোকজন অভিযোগ করেন, গত শুক্রবার মাহবুব ও তাঁর পরিবারের লোকজন সাজেদাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেন। পরের দিন শনিবার রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। গতকাল রোববার সাজেদার ভাই রিপন মিয়া মাহবুব, সাজেদার শাশুড়ি আনোয়ারা বেগম ও দেবর হাবুল মিয়াকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ওই থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।