বোয়ালখালী থানার ওসিকে কারণ দর্শানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট ছকের পরিবর্তে সাদা কাগজে একটি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করায় বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম গতকাল রোববার ওসিকে আগামী ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলেন। বোয়ালখালী থানার ওসির নাম মো. জহিরুল হক। গত ৩১ জুলাই তিনি নির্দিষ্ট ছকের পরিবর্তে একটি সাদা কাগজে অধিকতর তদন্ত প্রতিবেদন লিখে আদালতে দাখিল করেন। এ কারণে তাঁর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও আইনের প্রতি অবজ্ঞার অভিযোগ আনেন আদালত।আদালত সূত্র জানায়, গত বছর ৩০ অক্টোবর রাতে আমিনুল ইসলাম নামের এক যুবক বোয়ালখালীর গুমদণ্ডী এলাকায় খুন হন। এই খুনের ঘটনায় পাঁচজনকে আসামি করে গত ২৭ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। নিহতের পরিবার এ বিষয়ে আদালতে অধিকতর তদন্তের আবেদন করে। বাদীর কৌঁসুলি জয়নাল আবেদীন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বোয়ালখালী থানার ওসি আইনকে অবজ্ঞা করে সাদা কাগজে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ কারণে বিচারক তাঁকে আগামী ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।