বোয়ালখালী থেকে রপ্তানির ৫৭ লাখ টাকার পোশাক উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে ৫৭ লাখ টাকার চোরাই পোশাক উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি রপ্তানির জন্য ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে পরিবহনের সময় এসব পোশাক ছিনতাই হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ গ্রেপ্তার হওয়া দুইজনের পরিচয় জানিয়েছে। তাঁরা হলেন নুরনবী মোল্লা ওরফে কালু (২৮) ও মো. রাজীব ওরফে ফারুক (২২)। দুজনের গ্রামের বাড়িই ভোলায়। অন্য দুজনকে নিয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তদন্তের স্বার্থে ওই দুজনের নাম গতকাল প্রকাশ করা হয়নি বলে পুলিশ সূত্র জানায়।সূত্র জানায়, ঢাকার মিরপুর এলাকার মেসার্স ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেডের কারখানা থেকে ৪৩২ কার্টনে ১১ হাজার ২৩২টি তৈরি পোশাক নিয়ে গত ১৩ মে ভোরে একটি কাভার্ডভ্যান চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। গাড়ির চালক ছিলেন আমির হোসেন। ওই দিন সন্ধ্যা ছয়টার পর থেকে আমিরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তৈরি পোশাক জাহাজীকরণের জন্য বন্দরে পৌঁছানো হয়নি। ওই দিন রাতে কারখানার মালিকের পক্ষ থেকে ঢাকার পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ সূত্র জানায়, পরদিন ১৪ মে সকাল ১০টায় কক্সবাজারের কলাতলী এলাকায় কাভার্ডভ্যানটি পড়ে থাকতে দেখা যায়। পোশাক কারখানার মালিক বিষয়টি জানার পর কক্সবাজার সদর থানায় একটি মামলা করেন। এরপর নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কালুরঘাট এলাকা থেকে নুরনবীকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে রাজীবকে গ্রেপ্তার করা হয়। রাজীবের তথ্য অনুযায়ী বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী ফুলতল জামাদার হাটের সেকান্দর মিয়ার বাড়ি থেকে লুণ্ঠিত পোশাক উদ্ধার করা হয়।নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক আছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে ছিনতাইকারীরা নিয়মিত পত্রিকা পড়ে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি মালামাল ছিনতাইয়ের কাহিনি তারা মনোযোগ দিয়ে পড়ে। পত্রিকায় তাদের কারোর নাম এলে সংশ্লিষ্ট ছিনতাইকারী কিছু দিন চুপচাপ থাকে।