চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীতে কলেজছাত্রী অপহরণের সময় গণপিটুনিতে আহত সিএনজিচালিত অটোরিকশাচালক তারেক (২৫) চার দিন পর মারা গেছেন। গত রোববার দুপুর একটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তারেক পূর্ব গোমদণ্ডী ইউনিয়নের শাহ মোহাম্মদ চৌধুরীপাড়ার মোহরম আলীর ছেলে। উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকা থেকে গত বৃহস্পতিবার এক কলেজছাত্রীকে অপহরণ করে নেওয়ার পথে শাকপুরা চৌমুহনী বাজারে উত্তেজিত জনতার হাতে ধরা পড়ে পিটুনিতে গুরুতর আহত হন তারেকসহ দুজন। সংকটাপন্ন অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় ঘটনাস্থলেই নিহত হন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের বাইঘ্যারটেক এলাকার আনু মিয়ার ছেলে সালাউদ্দিন (২৩)। আহত আবু ছালেহ (২৫) এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুণছেন। তিনি বাইঘ্যার টেক এলাকার ওসমান গনির ছেলে। বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, দুপর একটার দিকে ট্যাক্সিচালক তারেক মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ওই দিন রাতে মেয়েটির বড় ভাই বাদী হয়ে নিহত, আহত, পলাতকসহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।