বোয়ালখালীতে ছাত্রী অপহরণের চেষ্টা গণপিটুনিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টাকালে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মো. সালাউদ্দীন। তিনি একটি গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। কিন্তু ওই ছাত্রীর অভিভাবকেরা বিয়ের প্রস্তাবে রাজি হননি। গত বৃহস্পতিবার ইফতারের সময় সালাউদ্দীন তাঁর অন্য ১০ সহযোগী তিনটি সিএনজি অটোরিকশায় করে ওই ছাত্রীর পশ্চিম গোমদন্ডীর বাসায় যান। তাঁরা টেনেহিঁচড়ে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশায় তুলে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে গেলে কলেজছাত্রীর আত্মীয়স্বজন অপহরণকারীদের ধাওয়া করে প্রায় তিন কিলোমিটার দূরের শাকপুরা চৌমুহনী পর্যন্ত নিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় মূল অপহরণকারী ও তাঁদের একটি অটোরিকশা আটক করা হয়। অন্য দুটি অটোরিকশায় করে বাকিরা পালিয়ে যান।এলাকাবাসী কলেজছাত্রীকে উদ্ধার করে আটক অটোরিকশায় থাকা অপহরণকারীদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে সালাউদ্দীনের মৃত্যু হয়। আহত হয় অটোরিকশাচালক মো. তারেক ও মো. আবু সালেক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রোববার বিকেলে তারেকের মৃত্যু হয়।বোয়ালখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মালেক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় দুটি আলাদা মামলা হয়েছে। নিহত সালাউদ্দিন এবং ওই ছাত্রী সম্পর্কে বেয়াইন।