বোয়ালখালীতে নকল ঢেউটিন তৈরির কারখানা
চট্টগ্রামের বোয়ালখালী মিলিটারি পুল এলাকায় বিছমিল্লাহ ইঞ্জিনিয়ারিং নামে একটি নকল ঢেউটিন তৈরির কারখানা আবিষ্কার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ওই কারখানা থেকে আবুল খায়ের গ্রুপের গরু মার্কা ও পিএইচপির এ্যারাবিয়ান হর্সের আদলে তৈরি ১৫ লাখ টাকা সমমূল্যের নকল ঢেউটিন জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবীন্দ্রশ্রী বড়ুয়া। বিএসটিআইয়ের কর্মকর্তা ও পুলিশ তাঁকে সহযোগিতা করেন। বিছমিল্লাহ ইঞ্জিনিয়ারিংকে তাত্ক্ষণিক দুই লাখ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।রবীন্দ্রশ্রী বড়ুয়া জানান, বিছমিল্লাহ ইঞ্জিনিয়ারিং থেকে মোট ছয় হাজার ৮৪০টি ঢেউটিন উদ্ধার করা হয়। নরম শিট দিয়ে ঢেউটিন তৈরি করে এতে গরু মার্কা ও এ্যারাবিয়ান হর্স মার্কার সিল মারা হচ্ছিল। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এই জালিয়াতি করছিল।’ ঢেউটিনের উপযোগী নয় বাজার থেকে এমন কম দামি শিট কিনে ঢেউটিন বানিয়ে বিছমিল্লাহর মালিক মো. জামিল বিভিন্ন নামীদামি কোম্পানির সিল মেরে বাজারজাত করত।