বোয়ালখালীতে বিনয় বাঁশী জলদাসের ভাস্কর্য উন্মোচন আজ
চট্টগ্রামের বোয়ালখালীতে একুশে পদক পাওয়া বাদনশিল্পী বিনয় বাঁশী জলদাসের প্রতিকৃতি ভাস্কর্য আজ বৃহস্পতিবার উন্মোচন করা হবে। শিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বিনয় বাঁশী স্মারক প্রতিকৃতি ভাস্কর্য উন্মোচন উদ্যাপন পরিষদ। শিল্পীর বাস্তুভিটায় সমাধি ঘিরে তৈরি করা বিনয় কমপ্লেক্সে ভাস্কর্যটি বসানো হয়েছে। এটি তৈরি করেছেন ভাস্কর ডি কে দাশ মামুন। শিল্পী বিনয় বাঁশী ২০০২ সালের ৫ এপ্রিল মৃত্যুবরণ করেন। শিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংসদ মঈন উদ্দিন আহামদ খান। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, পরিষদের উপদেষ্টা বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুচ মেহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আকতার, ইউএসটিসির সহকারী অধ্যাপক আশীষ কুমার চৌধুরী প্রমুখ।দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায় শিল্পীর প্রতিকৃতি ভাস্কর্য উন্মোচন ও আলোচনা সভা এবং স্মারক সম্মাননা প্রদান। সন্ধ্যা সাতটায় শৈবাল চৌধুরী নির্মিত শিল্পীর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন ও রাত ১০টায় কবিগান।