বোয়ালখালীতে সংখ্যালঘু এলাকায় গুলি-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা-করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা সংখ্যালঘু এলাকায় গুলি ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী পরস্পরকে দায়ী করেছেন। সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি দেখাতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী মনছুর আহমেদ সংখ্যালঘু-অধ্যুষিত উত্তর ভূর্ষি এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় তাঁর ২০০-৩০০ সমর্থক প্রয়াত যোগেশ্বর চৌধুরীর বাড়ির এলাকায় ফাঁকা গুলি চালান। তাঁরা আটটি কাচারি ও গোয়ালঘর, ভ্যানগাড়ি ভাঙচুর ও খেত-খামার কেটে নষ্ট করেন। খবর পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদুল হক সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েকটি গুলিবিনিময় হয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলসাদ বেগমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রার্থী মনছুর দাবি করেন, তিনি উত্তর ভূর্ষি এলাকায় গণসংযোগকালে হামিদুলের নেতৃত্বে একটি মাইক্রোতে লোকজন এসে তাঁর জনসংযোগে বাধা দেয় ও কর্মীদের ওপর গুলি চালায়। এতে তাঁর দুজন সমর্থক গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। তিনি দাবি করেন, সংখ্যালঘুরা তাঁর ভোটার। সুতরাং তিনি ওই এলাকায় ভাঙচুর বা গুলি করার প্রশ্নই আসে না।তবে হামিদুল দাবি করেন, মনছুর সমর্থকদের নিয়ে সংখ্যালঘু এলাকায় ফাঁকা গুলি চালিয়ে সংখ্যালঘুদের ভয়ভীতি দেখাচ্ছিলেন। এ সময় তিনি অন্য জায়গায় গণসংযোগে ব্যস্ত ছিলেন দাবি করে বলেন, ‘সংখ্যালঘুদের উদ্ধার করতে আমরা সেখানে ছুটে গিয়েছিলাম।’ বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুজ্জমান খন্দকার বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে আজিজুল হক, আবদুর রহমান, মনিরুল ইসলাম ও সাইফুদ্দিন নামে আহত চারজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এঁদের মধ্যে কেউ গুলিবিদ্ধ ছিলেন না। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) গোলাম জিলানি বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সাধারণ ডায়েরির (জিডি) নোট দেওয়া হয়েছে। দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’