বোয়ালখালীর মাদ্রাসার ৩ ছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীর একটি মাদ্রাসার তিন ছাত্র গত বুধবার বিকেল থেকে নিখোঁজ। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসাটির শিক্ষক মো. কাউছার বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত বুধবার বিকেলে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দ নগর দারুল কোরআন হেফজখানা থেকে তাঁরা নিখোঁজ হয় বলে জিডিতে উল্লেখ করা হয়।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো কক্সবাজারের মহেশখালী উপজেলার সিপাইপাড়ার মো. সাজ্জাদ (৯), ঘটিভাঙার মো. ইমরান (১০) ও মগকাটার মো. ফয়সাল (১০)।
হেফজখানার শিক্ষক মো. কাউছার প্রথম আলোকে বলেন, গত বুধবার বিকেল থেকে হেফজখানার তিন শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তাদের পরিবারকে জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি থানায় জিডি করেছেন। তিনি জানান, নিখোঁজ তিন শিক্ষার্থী দুই বছর ধরে এই মাদ্রাসায় পড়াশোনা করে আসছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বোয়ালখালীর এই মাদ্রাসায় পড়াশোনার চাপ প্রচণ্ড। আমার ধারণা পড়াশোনার চাপ নিতে না পেরে তিন শিশু পালিয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় যখন সবাই ঘুমে ছিল, তখন তিনজন পালানোর সময় বেছে নেয়। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছি।’