বোয়ালখালীর ৪ কারখানার দূষণের কবলে নদী-জমি
চট্টগ্রামের বোয়ালখালীতে চারটি শিল্পকারখানার বর্জ্যে অতিষ্ঠ কৃষকেরা। কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্যের বিরূপ প্রভাবে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। রাসায়নিক বর্জ্য ছড়ানোর প্রতিবাদে বিক্ষুব্ধ কৃষকেরা সম্প্রতি একটি কারখানা ঘেরাও করেছেন। পাশাপাশি তাঁরা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এসব বর্জ্যে দূষণের শিকার হচ্ছে এলাকার পুকুর, খালবিল ও কর্ণফুলী নদী।সরেজমিনে জানা গেছে, এ চারটি কারখানা হচ্ছে উপজেলার শাকপুরার দেশ ডেনিম, পশ্চিম গোমদণ্ডীর এরিনা কম্পোজিট অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড, একই এলাকার এন এফ জেড টেরি টেক্সটাইলস ও মিলিটারি পোল এলাকার বেঙ্গল সল্ট ইন্ডাস্ট্রিজ। পরিবেশ দূষণের দায়ে গত ১২ অক্টোবর পরিবেশ অধিদপ্তর প্রথম তিনটি ডায়িং কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা করে। এ ছাড়া ডেনিম ও বেঙ্গল সল্টের বিরুদ্ধে কৃষকদের ফসল নষ্টের অভিযোগ তদন্ত করছে উপজেলা কৃষি দপ্তর।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ডায়িং কারখানাগুলোর বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) থাকলেও তা ত্রুটিপূর্ণ ছিল। তা ছাড়া ইটিপি সব সময় চালু রাখা হয় না। এসব কারখানা থেকে নির্গত তরল বর্জ্য কৃষিজমি, খাল ও জলাভূমিতে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীর দূষণ ঘটাচ্ছে। জরিমানার পর তারা ইটিপি ত্রুটিমুক্ত করার কাজ করছে।অভিযোগ পাওয়া গেছে, গত ৭ ও ৮ অক্টোবর পূর্ণিমা ও গভীর নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাসে বোয়ালখালীর ফসলি জমি ও খালবিল প্লাবিত হলে দেশ ডেনিম কর্তৃপক্ষ তাদের তরল বর্জ্য খালে ছেড়ে দেয়। এলাকার কৃষিজমিতে এই বর্জ্য ছড়িয়ে পড়ে। কৃষকেরা মিছিল নিয়ে কারখানায় হাজির হন। পরে তাঁরা কৃষি দপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।দেশ ডেনিমের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুব্রত দাশ অবশ্য দাবি করেন, জোয়ারের সময় কিছু তরল বর্জ্য ভেতরে রক্ষিত হাউস থেকে বের হয়ে গিয়েছিল। এতে তাঁরা ক্ষুব্ধ হয়েছিলেন। এখন আমাদের ইটিপি চালু আছে। এখন আর কোনো দূষণ হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের অভিযানকালে ইটিপি সাময়িক বন্ধ ছিল।জানা গেছে, প্রায় এক বছর আগে দেশ ডেনিম, সাত থেকে আট বছর আগে এন এফ জেড এবং প্রায় দুই বছর আগে এরিনা চালু হয়। এ কারখানাগুলোর বর্জ্যে বোয়ালখালীর পশ্চিমদণ্ডীর খালের পানি কালো হয়ে গেছে। এটা এখন প্রায় মাছশূন্য। খালের পানি জোয়ারের সময় ফসলের মাঠে ছড়িয়ে পড়ে। পরে তা এসে মিশছে কর্ণফুলী নদীতে। সম্প্রতি কৃষকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশ ডেনিম ও বেঙ্গল সল্টের দূষণের বিষয়টি তদন্ত করছে উপজেলা কৃষি দপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, একদিন জোয়ারের সময় দেশ ডেনিম তরল বর্জ্য পানিতে ছেড়ে দিলে তা এলাকার ফসলি জমি ও খালে ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত চলছে। একইভাবে বেঙ্গল সল্ট ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধেও ফসলি জমি দূষণের অভিযোগ রয়েছে।