বোয়ালমারীতে আংশিক হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় বিএনপির ডাকে আংশিক হরতাল পালিত হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল করেছে। গতকাল সোমবার বেলা সোয়া একটা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল চলাকালে পুলিশ বিএনপির দুই সমর্থককে গ্রেপ্তার করে। সকাল সাতটার দিকে বিএনপি পৌর এলাকার গুণবহা তালতলা, মাছবাজার ও আঁধারকোঠা এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের আর পথে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা কার্যালয়ে সমবেত হয়ে হরতালবিরোধী মিছিল বের করেন। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়রাম্যান এম এম মোশাররফ হোসেন। উপজেলা সদরের ডাকবাংলা রোডে অবস্থিত বিএনপির কার্যালয়টি সকাল থেকে পুলিশ অবরুদ্ধ করে রাখে। সেখানে বিএনপির নেতা-কর্মী বা সমর্থকদের ধারেকাছে ঘেঁষতে দেয়নি পুলিশ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ বিএনপি কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে দেয়নি। দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে বিএনপির একটি মিছিল পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা পর্যন্ত বোয়ালমারীতে দোকানপাট খুব একটা খোলেনি। পরে আওয়ামী লীগ মিছিল বের করার পর দোকানপাট খুলতে থাকে। তার পরও বেশকিছু দোকানপাট বন্ধ ছিল। তবে পৌর এলাকায় রিকশাভ্যান চলাচল করেছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়ে কাজ হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা ছিল। পৌর এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কড়া পুলিশ প্রহরা বসানো হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, দুটি বিবদমান দল পাল্টাপাল্টি কর্মসূচি দিলেও গতকাল বোয়ালমারী পৌর এলাকা ছিল শান্ত। গতকাল দুপুরে উপজেলা পরিষদ ও চৌরাস্তা এলাকা থেকে বিএনপির দুই সমর্থক মো. আবদুল্লাহ (১৮) ও মো. বাবুলকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে উপজেলা বিএনপি গতকাল বোয়ালমারী পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। তবে রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ এ হরতালকে প্রত্যাখ্যান করে তা প্রতিহত করার ঘোষণা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।