বোয়ালমারীতে একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে গত শুক্রবার প্রতিপক্ষের দায়ের কোপে খুন হয়েছেন মো. মোমরেজ মোল্লা (৭০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় তাঁর এক ছেলে ও নাতি গুরুতর আহত হন। ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায়। এ ঘটনায় গতকাল শনিবার থানায় মামলা হয়েছে।মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনে শেখর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শোলখাদিয়া গ্রাম থেকে সদস্য প্রার্থী হন মো. আলতাব মোল্লা। এদিকে একই ওয়ার্ডের রায়বর গ্রাম থেকে প্রার্থী হন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য আবুল খায়ের মোল্লা। আলতাবের মামা মো. বক্কার মোল্লা খায়েরের সমর্থক। তিনি ভাগনেকে প্রার্থিতা প্রত্যাহারের চাপ দিচ্ছিলেন। এ নিয়ে ওই দিন আলতাবদের বাড়িসংলগ্ন এলাকায় বৈঠক চলছিল। বাগিবতণ্ডার একপর্যায়ে বক্কার মোল্লার রামদার কোপে আলতাবের বাবা মোমরেজ মোল্লা নিহত হন।মামলার বাদী আলতাব বলেন, ‘আমার মামা বাবাকে খুন করেন। এ সময় মামার রামদার কোপে আমার ভাই মো. আহাদ মোল্লা (৫০) ও তাঁর ছেলে মো. রকিবুল হাসান (২২) আহত হন। তাঁরা বর্তমানে বোয়ালমারী হাসপাতালে চিকিৎসাধীন।’মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। আসামিরা পলাতক রয়েছে।