বোয়ালমারীতে খাদ্যে বিষক্রিয়ায় ১৫ জন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দুই পরিবারের সব সদস্যসহ ১৫ জন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন কৃষক লাল মিয়া, তাঁর দুই স্ত্রী নুরজাহান বেগম ও তছিরন নেছা, বড় ছেলে আবু দাউদ শেখ ও তাঁর স্ত্রী মিতা বেগম, মেজ ছেলের স্ত্রী মরিয়ম বেগম। অন্যরা হলেন লাল মিয়ার ভাই আবু সিদ্দিক, তাঁর দুই স্ত্রী ফজিলা বেগম ও উজলি বেগম, ছেলে ফরহাদ শেখ, মেয়ে সাদিকা পারভীন, তানিয়া পারভীন, সামিরা পারভীন, বড় ছেলের স্ত্রী জোসনা বেগম ও প্রতিবেশী রূপই বেগম। তিনি লাল মিয়ার বাড়িতে খেয়েছিলেন।হাসপাতালে চিকিৎসাধীন লাল মিয়া জানান, গত মঙ্গলবার রাতে তাঁর পরিবারের সদস্যরা পাঙাশ মাছ এবং তাঁর ভাইয়ের পরিবারের সদস্যরা মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল ভোরের দিকে বাড়ির প্রায় সবার মধ্যে বমির লক্ষণ দেখা দেয়। একপর্যায়ে তাঁরা সবাই দুর্বল হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ফরিদ হোসেন মিঞা জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে সবাই অসুস্থ হয়ে পড়েছেন। তবে আক্রান্ত ব্যক্তিরা সবাই এখন ঝুঁকিমুক্ত।