বোয়ালমারীতে ছিনতাইকালে দুজন আটক
প্রতারণা করে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় দুই ব্যক্তিকে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের প্রাইম ব্যাংকের সামনের রাস্তায় এ ঘটনা ঘটেছে।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পিরেরচর গ্রামের হারুন ফকির (৫০) ও তালকান্দা গ্রামের ইকরাম খালাসী (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই দুই ব্যক্তি প্রাইম ব্যাংকের বোয়ালমারী শাখায় আসেন। তাঁরা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাককে বলেন, ‘ব্যাংকের নিচে আমাদের লোক ডলার নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি ডলার কিনতে চাইলে টাকা নিয়ে আসুন।’ তাঁদের কথামতো ওই কর্মকর্তা ডলার কেনার জন্য এক লাখ টাকা নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে সামনের রাস্তায় গেলে ওই দুই ব্যক্তি টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় উপস্থিত জনতা তাঁদের ধাওয়া করলে ওয়াপদা মোড়ে হরতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁদের আটক করেন।
আবদুর রাজ্জাক বিকেলে ব্যাংকে না থাকায় এবং তাঁর মুঠোফোন নম্বর ব্যাংক থেকে না পাওয়ায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে প্রাইম ব্যাংকের কর্মকর্তা এ এস এম ওয়াহিদুজ্জামান দাবি করেন, আবদুর রাজ্জাক ডলার কেনার জন্য নয়, টাকা ‘বিকাশ’ (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) করার জন্য এক লাখ টাকা নিয়ে বাইরে গিয়েছিলেন। বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।