বোয়ালমারীতে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খামারপাড়া ও কলিমাঝি গ্রামে গত শনিবার দিবাগত রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এসব বাড়ি থেকে স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়। খামারপাড়া গ্রামে ডাকাতদের হামলায় এক নারী আহত হয়েছেন।একদল ডাকাত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে টিনের বেড়া কেটে খামারপাড়া গ্রামের বাসিন্দা নিশিকান্ত রায়ের বাড়িতে ঢোকে। ডাকাতেরা ওই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাত ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোনসহ প্রায় দুই লাখ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে নিশিকান্তের বড় মেয়ে শুক্লা রায় (৩৫) আহত হন। তাঁকে ঢাকার মালেকা চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, এ ঘটনায় নিশিকান্ত রায় বাদী হয়ে গতকাল রোববার থানায় একটি মামলা করেছেন।শনিবার দিবাগত রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত গ্রিল কেটে কলিমাঝি গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবুল হাসানের বাড়িতে ঢোকে। তারা ওই বাড়ি থেকে চার ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা, দুটো মুঠোফোনসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। আবুল হাসান রূপালী ব্যাংকের ঢাকার রামপুরা শাখার ব্যবস্থাপক। ডাকাতির সময় তাঁর মা, ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর ওই ডাকাতেরা গ্রিল কেটে একই গ্রামের কলিমাঝি পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মো. চান মিয়ার বাড়িতে ঢোকে। তারা ওই বাড়ি থেকে ছয় হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।