বোয়ালমারীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। উপজেলার রূপাপাত ইউনিয়নের কালীনগর গ্রামে গতকাল শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, রূপাপাত ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে কালীনগর গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের কর্মী আকবর শরিফ (২৮) ও সজল শেখের (২৭) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সজল শেখের ভাতিজি আঁখি ও আকবরের ভাই কাদের শেখ দুজনই স্থানীয় বামনকান্দা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করে। আঁখিকে কাদের শেখ স্কুলে আটকে রেখেছে—এমন খবর পাওয়ার কথা বলে সজল ও তাঁর ভাই কামরুল শেখ লোকজন নিয়ে গতকাল দুপুরের দিকে ওই বিদ্যালয়ে যান। সেখানে তাঁরা কাদেরকে মারধর করেন। এ ঘটনার পর বেলা দুইটার দিকে দুই পক্ষের লোকজন ঢাল-সড়কিসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় কালীখোলা মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আকবরের চাচা কালাম শরিফ (৪৫) সড়কির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন একই পক্ষের রুস্তম শরিফ (৪৫) ও মতি শরিফ (৩৫)। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুজনকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে কালাম শরিফ নিহত হওয়ার পর আকবরের পক্ষের লোকজনের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে বেলা তিনটার দিকে আকবর তাঁর দলবল নিয়ে সজল ও কামরুলের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে বসতবাড়িসহ সাতটি ঘর পুড়ে গেছে। পরে বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখনো থানায় মামলা করেনি।