বোয়ালমারীতে দুই পক্ষে সংঘর্ষ, আহত অর্ধশত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে গতকাল বুধবার দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিপেটাসহ কাঁদানে গ্যাস ছোড়ে ও ফাঁকা গুলি চালায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়েনদিয়া বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোয়ালমারীর পরমেশ্বরদি ইউনিয়নের সদস্য আবদুুল মান্নানের সঙ্গে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মঞ্জু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বাজারে আমের ঝুড়ি বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তিন দফা সংঘর্ষ হয়। এতে মান্নানের সমর্থক কাওসার (১৯), জাহাঙ্গীর হোসেন ও মঞ্জুর সমর্থক এরফান শেখ (২৮) আহত হন। তাঁদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর জের ধরে গতকাল সকাল নয়টার দিকে দুই পক্ষের কয়েক হাজার সমর্থক ইট, লাঠি, ঢাল, সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ময়েনদিয়া বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সকাল নয়টায় সংঘর্ষ শুরু হলে সালথা ও বোয়ালমারী থানার ৩০ জন পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলী আহম্মেদ ও সালথা থানার ওসি শংকর দাসসহ ১৬ জন পুলিশ আহত হয়।