বোয়ালমারীতে নৌকা মার্কার পক্ষে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে এবার কৌশলী প্রচারণায় নামলেন স্থানীয় শিক্ষকেরা।
এমপিওভুক্ত কয়েকটি স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষক গতকাল মঙ্গলবার বিকেলে পৌর এলাকায় ব্যানারসহ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সেই মিছিলে কারও কারও হাতে ছিল নৌকা প্রতীকের লিফলেট।
মিছিলের ব্যানারে লেখা ছিল, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে বোয়ালমারী উপজেলার শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীক বেছে নিন।’
বিকেলে সাড়ে চারটার দিকে বোয়ালমারীর ডাকবাংলোতে সংক্ষিপ্ত সভা করেন শিক্ষকেরা। সেখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহজাহান মীরদাহ এবং উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও পৌর এলাকায় অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক আলমগীর হোসেন বক্তব্য দেন। উভয় বক্তা আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে তাঁরা মিছিল নিয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় ডাকবাংলো চত্বরে গিয়ে মিছিল শেষ করেন।