বোয়ালমারীতে পুলিশের ওপর হামলা, চার পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গতকাল বৃহস্পতিবার যুবলীগের নেতা ও পৌর কাউন্সিলরের নেতৃত্বে পুলিশের ওপর হামলার হয়েছে। মোটরসাইকেলের কাগজপত্র দেখা নিয়ে এ ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ চার পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় এক পৌর কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারী পৌরসভার স্টেশন রোডে উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় বিলাসী সিনেমা হলের কর্মচারী (গেটম্যান) মো. শাহজাহান মোল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের ছেলে একাদশ শ্রেণীর ছাত্র মুকিদ হোসেনকে নিয়ে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পুলিশ মোটরসাইকেলটি থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। শাহজাহান পুলিশকে জানান, এটি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মান্নান মোল্লার (৪২)। একপর্যায়ে ওই এসআইয়ের সঙ্গে শাহজাহানের তর্ক হয়। এ সময় পুলিশ তাঁকে (শাহজাহান) মারধর করে আটক করে। এ খবরে মান্নান মোল্লা ও তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহিদুল ইসলাম (৩৮) কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তাঁদের নেতৃত্বে পুলিশের ওপর হামলা করা হয়। এ সময় হামলাকারীরা এসআই শহীদুলসহ চার পুলিশকে লাঠি দিয়ে পেটায় এবং চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে আঘাত করে এবং শাহজাহান মোল্লাকে ছিনিয়ে নিয়ে যায়। আহত কনস্টেবল মোহামঞ্চদ আলী ও জয়নাল আবেদীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এসআই শহীদুল (৩০) ও কনস্টেবল জামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বেলা দেড়টার দিকে পুলিশ মাহিদুলকে তাঁর মালিকানাধীন সাজ শাড়িঘর থেকে আটক করে পেটাতে পেটাতে থানায় নিয়ে যায়। যুবলীগের নেতা মান্নান মোল্লা জানান, ‘পুলিশের বাড়াবাড়ির কারণে এ ঘটনা ঘটেছে। আমরা থাকার সময় পুলিশের ওপর হামলা হয়নি। আমরা চলে আসার পর কী ঘটেছে জানি না। তবে পুলিশ বাজারে সাধারণ মানুষকে মারধর করেছে।’ বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, বোয়ালমারী বাজারে পুলিশ কাউকে মারধর করেনি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বোয়ালমারী পৌর এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।