বোয়ালমারীতে প্রতিমা ভাঙচুর
ফরিদপুরে বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বঙ্গেশ্বরদী ঋষিপাড়া মন্দিরে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। কাত্যায়নী পূজার কয়েক দিন আগে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল।
মন্দির কমিটির সভাপতি রত্না ঋষি জানান, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমার মাথা ভেঙে ফেলে এবং হাত-পায়ের ব্যাপক ক্ষতি করে। ভোরে তাঁর নাতনি উত্তরা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পায়।
এলাকার গোপাল ঋষি জানান, পাশ্ববর্তী ভাটদী বাজারে নৈশপ্রহরী রয়েছেন। তাঁরা মঙ্গলবার দিবাগত রাত তিনটা পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁরা চলে যাওয়ার পর দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। আগামী ৮ নভেম্বর থেকে চার দিনব্যাপী কাত্যায়নী পূজা হওয়ার কথা। পূজার নয় দিন আগে এমন ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিমা ভাঙার খবর শুনে গতকাল দুপুরে স্থানীয় সাংসদ মো. আবদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছয়টি প্রতিষ্ঠানের অধিভুক্তি বাতিল
শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের অধিভুক্তি বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজগুলো হলো বগুড়ার শিববাটির এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মহাস্থানগড়ের বগুড়া টিএইচ বিপিএড কলেজ, বগুড়া বিপিএড কলেজ, করতোয়া সড়ক, বগুড়া লাইব্রেরি সায়েন্স কলেজ, খুলনার টুটপাড়ার ইনস্টিটিউট অব লাইব্রেরি আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স (ইলাক্স) এবং চট্টগ্রামের মোমেন রোডের ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (ইলিস)।
শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১৪৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তি।