বোয়ালমারীতে বিদ্যুৎ বিভ্রাট চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। এর ফলে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বোয়ালমারী উপজেলা সদরের কামারগ্রাম এলাকার রাসেল আহমেদ বলেন, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে বিদ্যুৎ চলে যায়। সারা রাত আর বিদ্যুৎ আসেনি। রোববার দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। কখন বিদ্যুৎ আসবে, তা কেউ বলতে পারে না।
বোয়ালমারী বাজার এলাকার গৃহবধূ তানিয়া খানম বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ঘরের কাজের সীমাহীন সমস্যা হচ্ছে। ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। পানি তোলা যাচ্ছে না। গরমে রাতে ঘুমানো যাচ্ছে না।’
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রাম শংকর রায় বলেন, বুধবার দিবাগত রাতে মাঝকান্দি এলাকায় ৩৩ হাজার ভোল্টের একটি খুঁটি ভেঙে যাওয়ায় রাতে বিদ্যুতের এ সমস্যা হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতিবার দুপুরে কানাইপুর এলাকায় আরেকটি খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ যোগাযোগ সচল রাখা যায়নি। এ জন্য বোয়ালমারীর গ্রাহকেরা সাময়িকভাবে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে ঝড়-বৃষ্টির মৌসুম বিধায় বিদ্যুতের কিছুটা সমস্যা হচ্ছে। তবে ঢালাওভাবে যতটা অভিযোগ করছেন, সমস্যা ততটা প্রকট নয়।