বোয়ালমারীতে শহীদ স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১৯৭১ সালের ১৬ মে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩২ জনের নামে স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর গত সোমবার স্থাপন করা হয়েছে। ওই গণহত্যায় শহীদদের স্মরণে স্বাধীনতার ৪০ বছর পর গণহত্যা দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে হাসামদিয়া গ্রামের শাহ জাফর টেকনিক্যাল কলেজ চত্বরে ভিত্তিপ্রস্তরটি স্থাপন করা হয়। এ ছাড়া কর্মসূচির মধ্যে ছিল স্মরণসভা এবং তাঁদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন।গণহত্যা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, আবীর আহাদ, পৌর মেয়র আবদুস শুকুর শেখ, শহীদ পরিবারের সদস্য সুশীল কুমার পোদ্দার, সন্তোষ কুমার কুণ্ডু, বিধান চন্দ্র দে প্রমুখ বক্তব্য দেন।১৯৭১ সালের ১৬ মে হানাদাররা হাসামদিয়া, ময়েনদিয়া, শ্রীনগর, রাজাপুর ও রাজাবেণী গ্রামে লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করে। হানাদারদরা এদিন ওই ৩২ জনকে হত্যা করে। শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন বলেন, ‘কলেজের চত্বরে ৩২ জন শহীদের স্মৃতিফলক নির্মাণ করতে পেরে আমরা গর্বিত।’