বোয়ালমারীতে সংঘর্ষ, ৩২টি ঘর ভাঙচুর
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ি গ্রামে গত সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপির ১১ সমর্থকের ৩২টি ঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকার কয়েকজন জানান, তেলজুড়ি গ্রামের ডাব্লিউ খন্দকার ও আতাহার আলীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ডাব্লিউ আওয়ামী লীগ এবং আতাহার বিএনপির সমর্থক। সোমবার সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে তাঁদের দুই সমর্থকের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে রাত সাড়ে নয়টার দিকে দুই পক্ষের কয়েক শ লোক ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ডাব্লিউ খন্দকারের পক্ষের মো. লিমন (২৬) এবং আতাহারের পক্ষের রেজাউল শেখ, রহমান মোল্লাসহ নয়জন আহত হন। লিমন আহত হওয়ার ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার সকালে ডাব্লিউ খন্দকারের পক্ষের লোকজন তেলজুড়ি গ্রামের বিএনপির ১১ সমর্থকের ৩২টি ঘরে হামলা চালান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনের বাড়িতে হামলা চালিয়েছেন কি না তা তিনি জানেন না। তবে চা পানকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হলেও পরে তা রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয় বলে তিনি শুনেছেন।