বোয়ালমারীতে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ফলিয়ার বিলের মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আহাদ শেখ (৩০) সাতৈর ইউনিয়নের সেবানন্দপুর গ্রামের আখতার হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফলিয়া বিলে মাছ ধরা নিয়ে বোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মোল্লার সঙ্গে সাতৈর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ শাহিনুর রহমান ওরফে সজলের বিরোধ চলে আসছিল।
এ নিয়ে একাধিকবার এলাকায় সালিস বৈঠকও হয়েছে। সর্বশেষ সালিস বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি বছর ফলিয়ার বিলে তারা মোল্লার নেতৃত্বে মাছ ছাড়া ও ধরা হবে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকালে সাতৈর ও শিবানন্দপুর গ্রামের লোকজন বিল এলাকায় গেলে তারা মোল্লার সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের কোপে শাহিনুর রহমান-সমর্থিত সেবানন্দপুর গ্রামের আহাদ শেখ (৩০), দবির খালাসী (৩৫), পাচু মোল্লা (৬০) এবং তারা মোল্লা পক্ষের দাউদ শেখ (৪৫) আহত হয়।
এঁদের মধ্যে আহাদ শেখকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তিনি মারা যান। অন্যদের বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর দবির খালাসি ও দাউদ শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনা সম্পর্কে সৈয়দ শাহিনুর রহমান বলেন, ‘আমার লোকজন তাঁদের জমি পরিষ্কার করার জন্য ফলিয়ার বিলে যান। পূর্বপরিকল্পিতভাবে তারা মোল্লার সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান।’ তারা মোল্লা বলেন, শুক্রবার সকালে সাতৈর ও শিবানন্দপুর গ্রামের লোকজন বিলে জোর করে মাছ ধরতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি। ওই এলাকায় পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয়েছে।