বোয়ালমারীতে সরে দাঁড়ালেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী এ কে এম জামাল উদ্দিন ওরফে নান্নু মিয়া। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
উপজেলার সাতৈর বাজারে বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে ওই সংবাদ সম্মেলন করা হয়।
দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুই বিদ্রোহী প্রার্থীকে দাঁড় করিয়ে প্রচার শুরু করেছিলেন উপজেলা বিএনপির একাংশের প্রতিনিধিত্বকারী নাসিরুল ইসলাম। ২৩ ফেব্রুয়ারি খন্দকার নাসিরুল ও বিদ্রোহী দুই প্রার্থীসহ চারজনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।
আজ বৃহস্পতিবার বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।