বোয়ালমারীতে ১৫ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১৫ জন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে এই নোটিশ পাঠানো হয়।
এই নোটিশ পাওয়া চিকিৎসকেরা হলেন: বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তাপস বিশ্বাস চিকিৎসক গিয়াস উদ্দিন আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, মো. মোরশেদ আলম, জাবির বিন রশিদ, মো. মারনুশ, মো. মনিরুজ্জামান, এনামুল ইসলাম, মাহাবুবুল হক, আবিদা সুলতানা, সৈয়দা নুসরাত আরা হক, নাজমুল ইসলাম, জুলেখা খাতুন, সাঈদ আহমেদ ও মো. মুসফিকুর রহমান। সময়মতো কর্মক্ষেত্রে হাজির না থাকায় তাঁদের এই নোটিশ দেওয়া হয়। সময়মতো হাজির না থাকায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১৫ জন কর্মচারীকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
‘কর্তব্য কাজে অবহেলা এবং সময়মতো স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির না হওয়ায় কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না’ মর্মে নোটিশ দিয়ে আগামী সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘অনুপস্থিত চিকিৎসকদের আজ সোমবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, গত শনিবার ফরিদপুরের সিভিল সার্জন সকাল সোয়া আটটার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান। সেখানে গিয়ে ওই চিকিৎসকদের কর্মস্থলে না পেয়ে তাঁদের শনিবারের হাজিরা খাতায় সবাইকে অনুপস্থিত লিখে স্বাক্ষর করেন।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তাপস বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সিভিল সার্জন স্যার আমাদের শোকজ করলে আমরা ঠেকাতে পারব না। নোটিশ পাওয়ার পর তার জবাব দেব।’ দেশের কোনো স্বাস্থ্য কেন্দ্রেই নির্দিষ্ট সময় মেনে কাজ হয় না মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা ভবিষ্যতে আরও সতর্ক থাকব।’