বোয়ালমারীতে ২০ লাখ টাকা নিয়ে এনজিও উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসডিএফ বাংলাদেশ’ নামের একটি ভুয়া বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারা সঞ্চয়ের বিপরীতে উচ্চহারে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক শ গ্রাহকের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বোয়ালমারী থানা ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ জানুয়ারি এসডিএফ বাংলাদেশের পরিচয় দিয়ে দুজন হাসামদিয়া বিশ্বাসপাড়ায় প্রবাসী দেলোয়ার কাজির টিনশেড ভবন ভাড়া নিতে আসেন। দেলোয়ারের ভাই মো. হারুন অর রশিদ বলেন, ‘ওরা আমাদের ওদের নাম-পরিচয় কোনো কিছুই জানার সুযোগ না দিয়ে ৫০ হাজার টাকা অগ্রিম ও সাত হাজার টাকা মাসিক ভাড়ায় আমার ভাইয়ের বাড়িটি ভাড়া নেওয়ার প্রস্তাব দেয়। মঙ্গলবার অগ্রিম ও ভাড়ার টাকা পরিশোধ করে তাদের সঙ্গে আমাদের চুক্তি হওয়ার কথা ছিল। তবে টাকা পরিশোধ না করেই তারা ৩১ জানুয়ারি ঘরের বাইরে এনজিওর একটি সাইনবোর্ড টানায় এবং ঘরটি কার্যালয় হিসেবে ব্যবহার করতে শুরু করে। সোমবার থেকে কার্যালয়টি বন্ধ। ওই দিন লোকজন এসে এনজিওর কর্মকর্তাদের সন্ধান জানতে চাইলে প্রতারণার বিষয়টি জানাজানি হয়।’ সরেজমিনে হাসামদিয়া গ্রামে গিয়ে ওই এনজিওর কর্মীদের পরিচয় জানা যায়নি। এনজিওটির সদস্য ভর্তি ফরমে প্রধান কার্যালয় হিসেবে বিএনএস সেন্টার (তৃতীয় তলা), রুম নং-সি-১৪, প্লট-৮৭, রোড-৭, সেক্টর-৭, উত্তরা, ঢাকা এবং রেজিস্ট্রেশন ম-০৭৫৮/১৯৯০ নম্বরটি ব্যবহার করা হয়েছে। ভুক্তভোগীরা জানায়, এ এলাকায় এনজিওগুলোর ক্ষুদ্রঋণের কিস্তি প্রতি সপ্তাহে পরিশোধ করতে হয়। কিন্তু এসডিএফ বাংলাদেশ তাদের ঋণ মাসিক কিস্তিতে পরিশোধ করার প্রস্তাব দেওয়ায় অনেক মানুষ এই এনজিওর কাছ থেকে ঋণ নিতে আগ্রহী হয়। এই এনজিওর সদস্য হতে ১৫০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে এনজিও কর্মকর্তারা ১০০ টাকা সঞ্চয় জমা দিলে এক হাজার টাকা এবং সঞ্চয় হিসেবে ১০ হাজার টাকা জমা দিলে ঋণ হিসেবে এক লাখ টাকা পর্যন্ত দেওয়ার লোভনীয় প্রস্তাব দেয়। এ প্রস্তাবে সাড়া দিয়ে উপজেলার হাসামদিয়া, ময়েনদিয়া, পরমেশ্বরদী, খাড়দিয়া, জয়পাশা, নিধিপুর, দৈবকিনন্দনপুর, চিতারবাজার, কালীনগর গ্রামের কয়েক শ মানুষ এই এনজিওর সদস্য হয়।নিধিপুর গ্রামের মোস্তাইন সরদার বলেন, ‘ওই এনজিওর কর্মীরা কয়েকটি গ্রামের মানুষের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। আমি এ প্রতারণার ঘটনায় তাদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস বলেন, ‘এসডিএফ বাংলাদেশ নামের কোনো এনজিও আমাদের কার্যালয় থেকে বোয়ালমারী উপজেলায় কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি।’ইউএনও মো. মাহাবুবুর রহমান বলেন, ‘এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নিতে বলেছি।’